বরিশালে ডায়াগনস্টিক সেন্টার সিলগালা

আপডেট : ২৫ জুলাই ২০২০, ২২:৫০

বরিশাল নগরীর আগরপুর সড়কে দি মুন মেডিক্যাল সার্ভিসেস নামক ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়েছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। শনিবার দুপুরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জিয়াউর রহমানের নৃেতত্বে অভিযানে নানান অভিযোগ প্রমাণিত হওয়ায় চার জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড এবং ডায়াগনস্টিক সেন্টারটি সিলগালা করে দেওয়া হয়। দণ্ডপ্রাপ্তদের মধ্যে হোসেন শাহিন ও শ্যামল মজুমদারকে ছয় মাস করে কারাদণ্ড এবং দুই টেকনিশিয়ান ইব্রাহিম রানা ও শ্যাম সাহাকে তিন মাস করে কারাদণ্ড দেওয়া হয়েছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট জিয়াউর রহমান জানান, জেলা প্রশাসক এসএম অজিয়র রহমানের নির্দেশনা অনুযায়ী বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টারে অভিযান পরিচালিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় দি মুন মেডিক্যাল সার্ভিসেসে অভিযান চালিয়ে ভুয়া প্যাথলজি রিপোর্ট তৈরি এবং চিকিত্সকের জাল স্বাক্ষর ব্যবহারের প্রমাণ পাওয়া যায়। এছাড়া ঐ ডায়াগনস্টিকের পরীক্ষাগারে ব্যবহূত উপকরণের মেয়াদ ও মান ঠিক নেই। এমনকি ল্যাবটির বৈধ কোনো সনদ নেই।  অভিযানে সিভিল সার্জন অফিসের মেডিক্যাল অফিসার ডা. মুন্সী মুবিনুল হক, মহানগর গোয়েন্দা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।