চবি শিক্ষক আনোয়ার হোসেনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা

আপডেট : ২৫ জুলাই ২০২০, ২২:৫১

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সাবেক সহকারী প্রক্টর আনোয়ার হোসেনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা দায়ের হয়েছে। চবির সমাজতত্ত্ব বিভাগের শিক্ষক আনোয়ার হোসেন কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা দিয়াজ ইরফান চৌধুরীর হত্যা মামলার আসামি হয়ে জেল খেটেছেন। আনোয়ার হোসেনের বিরুদ্ধে আদালত থেকে দুই বছর আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনুমোদনের জন্য পাঠানো রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ সম্পর্কিত নথি গত বৃহস্পতিবার সিএমপির পাঁচলাইশ থানায় নিয়মিত মামলা হিসেবে রেকর্ড হয়েছে।

এ ব্যাপারে পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাশেম ভূঁইয়া বলেন, ‘রাষ্ট্রদ্রোহ মামলা রেকর্ডের ক্ষেত্রে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতির প্রয়োজন হয়। গত সপ্তাহে আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আনোয়ার হোসেনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা রেকর্ডের জন্য যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন পাই। এরপর সেটি নিয়মিত মামলার তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। নিয়ম অনুযায়ী তদন্তকারী কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে। এখন তদন্ত শেষে আমরা সরাসরি আদালতে প্রতিবেদন দাখিল করব।’

উল্লেখ্য, দুই বছরেরও বেশি সময় আগে আন্তর্জাতিক জার্নালে প্রকাশিত একটি গবেষণা প্রবন্ধে বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস বিকৃতি ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে কটূক্তি করার অভিযোগ উঠেছিল চবির সমাজতত্ত্ব বিভাগের সহকারী অধ্যাপক আনোয়ার হোসেনের বিরুদ্ধে।

২০১৮ সালের ১৭ মে সাবেক ছাত্রলীগ নেতা আসাদুজ্জামান তানভীর বাদী হয়ে চট্টগ্রাম মহানগর হাকিম আবু সালেহ মো. নোমানের আদালতে দণ্ডবিধির ১২৩ (ক), ১২৪ (ক), ১৭৭, ৫০০, ৫০১ ও ৫০২ ধারায় মামলার আরজি জমা দিয়েছিলেন। ঐ প্রতিবেদনের সূত্র ধরে দায়ের করা মামলায় বাদী অভিযোগ করেন প্রকাশিত প্রবন্ধে একাধিকবার শেখ মুজিবুর রহমানের নাম উল্লেখ করা হলেও একবারও তিনি জাতির পিতা কিংবা বঙ্গবন্ধু শব্দটি ব্যবহার করেননি। এতে জাতির পিতার প্রতি আনোয়ার হোসেনের তাচ্ছিল্য প্রকাশ পেয়েছে।