১০ হাজারের নিচে নামল নমুনা সংগ্রহ

আপডেট : ২৫ জুলাই ২০২০, ২২:৫৬

দেশে করোনা ভাইরাস সংক্রমণের হার বাড়লেও ল্যাবগুলোতে কম আসছে নমুনা। কিছুদিন আগেও দিনে ১৭-১৮ হাজারের মতো নমুনা সংগ্রহ হলেও এখন তা ১০ হাজারের নিচে নেমে এসেছে। দেশে গত ২৪ ঘণ্টায় করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে ৯ হাজার ৬১৫টি। প্রায় দুই মাস পর নমুনা সংগ্রহ ৯ হাজারের ঘরে নেমে এলো। এর আগে ২৮ মে নমুনা সংগ্রহ ছিল ৯ হাজার ৩১০টি। দেশের ৮০টি পরীক্ষাগারে আগের নমুনাসহ গত ২৪ ঘণ্টায় পরীক্ষা করা হয়েছে ১০ হাজার ৪৪৬টি নমুনা। এ পর্যন্ত ১১ লাখ ১ হাজার ৪৮০ জনের নমুনা পরীক্ষায় ২ লাখ ২১ হাজার ১৭৮ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। ল্যাবগুলোতে পরীক্ষার জন্য করোনা ভাইরাসের নমুনা অনেক কম আসছে উল্লেখ করে করোনার কোনো রকম উপসর্গ থাকলে বা আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে আসলে নমুনা পরীক্ষা করার অনুরোধ জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

গতকাল শনিবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের করোনা ভাইরাস সংক্রান্ত নিয়মিত অনলাইন হেলথ বুলেটিনে অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এসব তথ্য জানান। দেশে মোট পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ২০ দশমিক শূন্য ৮ শতাংশ। অধ্যাপক নাসিমা সুলতানা জানান, গত ২৪ ঘণ্টায় ১০ হাজার ৪৪৬ জনের নমুনা পরীক্ষায় ২ হাজার ৫২০ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। শুক্রবারের চেয়ে গতকাল ২৮ জন কম শনাক্ত হয়েছেন। শুক্রবার ১২ হাজার ২৭ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছিলেন ২ হাজার ৫৪৮ জন। তিনি জানান, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ২৪ দশমিক ১২ শতাংশ। আগের দিন এ হার ছিল ২১ দশমিক ১৯ শতাংশ। আগের দিনের চেয়ে গতকাল শনাক্তের হার ২ দশমিক ৯৩ শতাংশ বেশি।

ডা. নাসিমা সুলতানা জানান, গত ২৪ ঘণ্টায় এই ভাইরাসে আক্রান্ত হয়ে ৩৮ জন মারা গেছেন। শুক্রবারের চেয়ে গতকাল তিন জন বেশি মৃত্যুবরণ করেছেন। এখন পর্যন্ত দেশে এ ভাইরাসে মারা গেছেন ২ হাজার ৮৭৪ জন। করোনা শনাক্তের বিবেচনায় গতকাল মৃত্যুর হার ১ দশমিক ৩০ শতাংশ। অতিরিক্ত মহাপরিচালক জানান, করোনা ভাইরাসে আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘণ্টায় হাসপাতাল এবং বাসায় মিলিয়ে সুস্থ হয়েছেন ১ হাজার ১১৪ জন। শুক্রবারের চেয়ে গতকাল ৬৫৪ জন কম সুস্থ হয়েছেন। শুক্রবার সুস্থ হয়েছিলেন ১ হাজার ৭৬৮ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১ লাখ ২২ হাজার ৯০ জন। তিনি জানান, গতকাল শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৫৫ দশমিক ২০ শতাংশ। আগের দিন এই হার ছিল ৫৫ দশমিক ৩৩ শতাংশ।