কোভিড-১৯-এর নমুনা পরীক্ষা না করেই মেট্রোরেলের ৭৬ শ্রমিকের ভুয়া রিপোর্ট দেওয়ায় রিজেন্ট হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মিজানুর রহমানকে গ্রেফতারের পর গতকাল জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। এর আগে শুক্রবার দিবাগত রাতে গোপালগঞ্জের মোকসেদপুর উপজেলার বাহারা গ্রামের বাড়ি থেকে তাকে গ্রেফতার করেছিল পুলিশ।
গতকাল মামলার তদন্ত কর্মকর্তা উত্তরা পশ্চিম থানার এসআই ইয়াদুর রহমান তাকে আদালতে হাজির করে ১০ দিনের হেফাজতের আবেদন করেন। শুনানি শেষে মহানগর হাকিম মো. মইনুল ইসলাম তা মঞ্জুর করেন। গত ২০ জুলাই উত্তরা পশ্চিম থানায় মেট্রোরেলের একটি সাব-কন্ট্রাক্টর প্রতিষ্ঠানের পক্ষে রেজাউল করীম বাদী হয়ে মামলা করেন। মামলায় রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মোহাম্মদ সাহেদ ও মিজানুরসহ কয়েক জনকে আসামি করা হয়।অভিযোগে বলা হয়, মেট্রোরেলে কর্মরত ৭৬ জন কর্মীর করোনা ভাইরাস পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করে রিজেন্ট হাসপাতাল। এ জন্য মাথাপিছু সাড়ে ৩ হাজার টাকা নেওয়া হয়। কিন্তু পরীক্ষা না করেই করোনা ভাইরাসের প্রতিবেদন দেওয়া হয়। এর ফলে কর্মীদের মধ্যে করোনা ভাইরাসের সংক্রমণ বেড়েছে। ওসি তপন চন্দ্র সাহা বলেন, মেট্রোরেলে শ্রমিক সরবরাহকারী প্রতিষ্ঠানের মামলায় মিজানুরকে গ্রেফতার করা হয়েছে।
প্রতারণাসহ বিভিন্ন ধরনের অনিয়ম, সরকারের সঙ্গে চুক্তিভঙ্গ, করোনা ভাইরাস পরীক্ষার ভুয়া প্রতিবেদন দেওয়া ও রোগীদের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগে গত ৬ জুলাই র্যাবের ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলমের নেতৃত্বে রিজেন্ট হাসপাতালের উত্তরা ও মিরপুর কার্যালয়ে অভিযান চালানো হয়। এরপর ৭ জুলাই স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশে র্যাব রিজেন্ট হাসপাতাল ও তার মূল কার্যালয় সিলগালা করে দেয়।
