গৃহকর্মীদের স্বাস্থ্যসুরক্ষা উপকরণ দিয়ে কাজে ফিরিয়ে নিতে হবে

আপডেট : ২৬ জুলাই ২০২০, ০০:৩৫

নগরের নিম্ন আয়ের মানুষদের জন্য গ্রামের মতো সামাজিক নিরাপত্তা কর্মসূচি চালু করতে হবে। একই সঙ্গে করোনায় শহরের নিম্ন আয়ের গৃহকর্মীদের জন্য বিশেষ খাদ্য সহযোগিতা ও রেশনিং কার্ডের ব্যবস্থা করাসহ তাদের জন্যে স্বাস্থ্য ঝুঁকি বিবেচনায় কোভিড-১৯ টেস্টের আওতায় আনা এবং তা বিনামূল্যে করার সুপারিশ জানিয়েছেন বক্তারা। গতকাল শনিবার ‘করোনাকালে গৃহকর্মীদের কর্মসংস্থান সংকট এবং করণীয়’ বিষয়ক অনলাইন আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন। বেসরকারি উন্নয়ন গবেষণা সংস্থা বারসিক এবং পরিবেশ বাঁচাও আন্দোলন (পবা) যৌথভাবে এই অনলাইন সেমিনারের আয়োজন করে।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৩৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আসিফ আহমেদ বলেন, ‘গৃহকর্মীদের স্বাস্থ্যসুরক্ষা উপকরণ দিয়ে তাদের কাজে ফিরিয়ে নিতে হবে। স্বাস্থ্যসুরক্ষা মেনে চললে এই ভাইরাস এর হাত থেকে অনেকাংশে রেহাই পাওয়া যাবে।’ পবার চেয়ারপারসন আবু নাসের খান বলেন, একটি বিশাল জনগোষ্ঠীর কর্মহীন হয়ে যাওয়া জাতীয় অর্থনীতিতেও ব্যাপক ক্ষতি তৈরি করছে। এর থেকে উত্তরণের উপায় চিন্তা করতে হবে।’

আওয়ামী হকার্স লীগের সভাপতি এম এ কাশেম বলেন, ‘সকল শ্রমিকদের একই অবস্থা, তারা কর্মহীন হয়ে পড়েছে। তাদের জন্য এখন বেঁচে থাকাই দায় হয়ে গিয়েছে। সকল গৃহকর্মীদের বেতনকাঠামো তৈরি করা প্রয়োজন এবং সবার মধ্যে স্বাস্থ্যসুরক্ষা বিষয়ক সচেতনতা বৃদ্ধি করা প্রয়োজন।’ সেমিনারে সভাপতিত্ব করেন পবার চেয়ারম্যান আবু নাসের খান। সঞ্চালনা করেন ফেরদৌস আহমেদ উজ্জ্বল। ধারণাপত্র উপস্থাপন করেন বারসিক সমন্বয়ক মো. জাহাঙ্গীর আলম। সভায় আরো বক্তব্য রাখেন, বারসিক পরিচালক এবং প্রাণবৈচিত্র্য বিষয়ত গবেষক পাভেল পার্থ, পবার সম্পাদক মেজবাহ সুমন, বারসিক গবেষক সুদিপ্তা কর্মকার প্রমুখ।