গাজীপুরে ১৫০ ভাগ ঈদ বোনাসের দাবিতে পোশাক শ্রমিকদের ভাঙচুর, কর্মকর্তা লাঞ্ছিত

আপডেট : ২৬ জুলাই ২০২০, ০০:৪২

 গাজীপুর প্রতিনিধি

গাজীপুরে এক পোশাক কারখানার শ্রমিকরা বকেয়াসহ ১৫০ ভাগ ঈদ বোনাস ও বাত্সরিক ছুটির টাকার দাবিতে গতকাল শনিবার কর্মবিরতি, বিক্ষোভ ও ভাঙচুর করেছে। এ ঘটনায় কারখানার আহত উপব্যবস্থাপক জানান, গাজীপুর সিটি করপোরেশনের চান্দনা এলাকার শফি টেক্স পোশাক কারখানার শ্রমিকদের কোনো বকেয়া পাওনা নেই। তাদের সব পাওনাদি নির্ধারিত সময়েই পরিশোধ করা হয়েছে। সরকারের ঘোষণা অনুযায়ী গত ঈদুলফিতরের শতকরা ৫০ ভাগ বোনাস শ্রমিকদের পরিশোধ করা হয়েছে। অথচ শ্রমিকরা কয়েকদিন ধরে কর্তৃপক্ষের কাছে ঈদুলফিতরের অবশিষ্ট ৫০ ভাগ ও আসন্ন ইদুল-আজহার শতভাগসহ মোট ১৫০ ভাগ ঈদ বোনাস এবং বাত্সরিক ছুটির টাকার দাবি অযৌক্তিভাবে জানিয়ে আসছিল। শ্রমিকদের দাবির প্রেক্ষিতে কারখানা কর্তৃপক্ষ আসন্ন ইদুল-আজহার শতভাগ বোনাস ও বাত্সরিক ছুটির টাকা পরিশোধের আশ্বাস দেয়। কিন্তু কর্তৃপক্ষের ঘোষণা প্রত্যাখ্যান করে শ্রমিকরা। শিল্প পুলিশের এসআই সুব্রত দেব ও স্থানীয়রা জানান, শ্রমিক প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে কর্তৃপক্ষ দাবি মেনে নেওয়ার ঘোষণা দিলে শ্রমিকরা তাদের আন্দোলন স্থগিত করে কাজে যোগ দেয়।