সিভিএফ দূত মনোনীত হওয়ায় সায়মা ওয়াজেদ পুতুলকে আইনমন্ত্রীর অভিনন্দন

আপডেট : ২৬ জুলাই ২০২০, ১৮:১২

জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা দেশগুলোর জোট-ক্লাইমেট ভালনারেবল ফোরামের (সিভিএফ) দূত মনোনীত হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কন্যা সায়মা ওয়াজেদ হোসেন পুতুলকে অভিনন্দন জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক।

রবিবার (২৬ জুলাই) এক অভিনন্দন বার্তায় আইনমন্ত্রী বলেন, বর্তমানে বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের মূলে রয়েছে শিল্পোন্নত দেশগুলোর মাত্রাতিরিক্ত কার্বন নিঃসরণ। অথচ জলবায়ু পরিবর্তনের সবচেয়ে ঝুঁকিতে রয়েছে বাংলাদেশসহ ৪৮ টি দেশ। জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি মোকাবেলায় এসব দেশের সমন্বয়ে গঠিত হয়েছে ক্লাইমেট ভালনারেবল ফোরাম। বাংলাদেশের জন্য অত্যন্ত গৌরবের বিষয় হলো প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক ও কূটনৈতিক সফলতায় যখন বাংলাদেশ এই ফোরামের প্রেসিডেন্ট এর দায়িত্ব পালন করছে, ঠিক তখনই তাঁর সুযোগ্য কন্যা সায়মা ওয়াজেদ হোসেন পুতুল সিভিএফ এর দূত মনোনীত হলেন। 

আইনমন্ত্রী আশা প্রকাশ করেন, সায়মা ওয়াজেদ হোসেন তাঁর জ্ঞান, দক্ষতা ও অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে সিভিএফ সদস্যভুক্ত দেশগুলোর স্বার্থ রক্ষায় গুরুত্বপূর্ণ অবদান রাখতে সক্ষম হবেন। 

আরো পড়ুনঃ ১৯তম ইউরো-সিজেএফবি পারফরম্যান্স অ্যাওয়ার্ড ঘোষণা

একইসাথে তিনি, সিভিএফ সদস্য দেশগুলোর মধ্যে বৈশ্বিক উষ্ণায়ন রোধসহ অভিযোজন কার্যক্রম জোরদার করতে এবং মতৈক্য সৃষ্টিতে সাফল্যের সাথে কাজ করবেন।
উল্লেখ্য সায়মা ওয়াজেদ হোসেন পুতুল বর্তমানে বিশ্ব স্বাস্থ্য সংস্থার একজন মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞ প্যানেল সদস্য ছাড়াও দক্ষিণ-পূর্ব এশিয়ায় সংস্থাটির অটিজম বিষয়ক শুভেচ্ছা দূত এবং বাংলাদেশের অটিজম বিষয়ক জাতীয় কমিটির চেয়ারপার্সন হিসেবে দায়িত্ব পালন করছেন।

এবার সায়মা ওয়াজেদ হোসেন পুতুলের সঙ্গে মালদ্বীপের সাবেক প্রেসিডেন্ট নাশিদ কামাল, ফিলিপাইনের ডেপুটি স্পিকার লরেন লেগ্রেডা ও কঙ্গোর জলবায়ু বিশেষজ্ঞ তোসি মাপ্নুকেও সিভিএফ এর বিষয়ভিত্তিক দূত হিসেবে মনোনীত করা হয়েছে।

ইত্তেফাক/এমএএম