অনন্ত জলিলের টাকা বন্যার্তদের দিচ্ছেন হিরো আলম

আপডেট : ২৬ জুলাই ২০২০, ১৯:৪১

ছবির সাইনিং মানি হিসেবে অভিনেতা-প্রযোজক অনন্ত জলিলের কাছ থেকে ৫০ হাজার টাকা পেয়েছিলেন অন্তর্জাল তারকা হিরো আলম। এরপর ওই ছবি থেকে হিরো আলমকে বাদ দেওয়ার ঘোষণা দেন অনন্ত। পাশাপাশি সাইনিং মানির সেই অর্থ ফেরত নেবেন না বলেও জানান অনন্ত। হিরো আলমও নিয়েছেন নতুন পদক্ষেপ। অনন্ত জলিলের দেওয়া সেই টাকার সঙ্গে নিজের ৫০ হাজার টাকা যোগ করে দেশের বন্যার্তদের সাহায্য করতে যাচ্ছেন তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আজ রোববার (২৬ জুলাই) একটি ভিডিও-বার্তা আপলোড করেন তিনি। ভিডিওতে হিরো আলম জানান, অনন্তের টাকা ফিরিয়ে দেওয়ার চেষ্টা করেছেন তিনি। কিন্তু অনন্তের দিক থেকে কোনো প্রকার সাড়া পাননি। আর তাই সেই টাকার সঙ্গে নিজের ৫০ হাজার টাকা যোগ করে বানভাসি মানুষের জন্য ঈদ উপহার নিয়ে যাবেন তিনি। এখানেই শেষ নয়। পরে অনন্ত জলিল সেই টাকা ফেরত চাইলে সেটিও দেবেন বলে জানান হিরো আলম। 

বন্যার্ত মানুষের জন্য উপহার হিসেবে শাড়ি, লুঙ্গি ও খাদ্যসামগ্রী থাকবে বলে জানান আলম। ভিডিওতে তাঁর সঙ্গে বেশ কিছু মানুষকে শাড়ি, লুঙ্গির স্তূপের পাশে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। সোমবার (২৭ জুলাই) থেকেই ঈদ উপহার বিতরণ কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন হিরো আলম।

 

ইত্তেফাক/বিএএফ