বিনোদন রিপোর্ট
দেশের সংগীতাঙ্গন অভিভাবকহীনতায় ভুগছে অনেকদিন। একসঙ্গে কাজ করাটাও কমে গেছে। কারণ ঘরে ঘরে স্টুডিও মতো করে সংগীতাঙ্গনের অনেকেই এখন বলা যায় ঘরমুখি। গান লেখা, সুর, সংগীতায়োজন এখন একজনই করেন। যে কারণে সংগীতাঙ্গনের সবার ঐক্যবদ্ধের বিষয়টি নিয়ে অনেক সমালোচনাও তৈরি হয়েছে। এছাড়া বিভিন্ন অধিকারের বিষয়গুলোও অবেহেলিত। বিশেষ করে গীতিকাররা সবসময় থেকে যান আলোচনার আড়ালে। সম্প্রতি এ নিয়ে অনলাইনে একটি সংগঠন গড়ার বিষয়ে আলোচনা হয়। সেখান থেকে কয়েক দফা বৈঠক শেষে সৃষ্টি হলো ‘গীতিকবি সংঘ বাংলাদেশ’ নামের সংগঠন।
‘গীতিকবি সংঘ বাংলাদেশ’-এর সমন্বয় কমিটির প্রধান হিসেবে শহীদ মাহমুদ জঙ্গীর নাম ঘোষণা করা হয় উক্ত সভায়। তার নেতৃত্বে সমন্বয় কমিটির সদস্যরা শিগগিরই নির্বাচনের মাধ্যমে একটি নির্বাচিত কমিটি করবে। নির্বাচন সমন্বয় কমিটির সদস্যরা হলেন লিটন অধিকারী রিন্টু, সালাউদ্দিন সজল, হাসান মতিউর রহমান, গোলাম মোরশেদ, আসিফ ইকবাল, কবির বকুল, জুলফিকার রাসেল, প্রীতম আহমেদ, জাহিদ আকবর, জয় শাহরিয়ার ও সোমেশ্বর অলি।
‘গীতিকবি সংঘ বাংলাদেশ’ নিয়ে সমন্বয় কমিটির প্রধান শহীদ মাহমুদ জঙ্গী বলেন, ‘গীতিকবিদের নৈতিক ও আর্থিক অধিকারের দাবিকে সামনে রেখে সৃজনশীল এই সংগঠন কাজ করবে। আমাদের বিশ্বাস, এটি হয়ে উঠবে দেশের সব গীতিকবির প্রধান প্লাটফর্ম। অচিরেই একটি নির্বাচনের মাধ্যমে আমরা যোগ্য নেতৃত্বের হাতে দায়িত্ব হস্তান্তর করবো।’
গত ৩ জুলাই জুলফিকার রাসেলের সমন্বয় ও সঞ্চালনায় গীতিকবি সংঘ বাংলাদেশ-এর প্রথম সভা অনুষ্ঠিত হয়। এরপর আরো দুটি সভায় অর্ধশতাধিক গীতিকবির মতামতের ভিত্তিতে গঠনতন্ত্র ও নাম চূড়ান্ত করা হয়।
এসব সভায় সংগঠনের প্রতি সমর্থন জানিয়ে বার্তা পাঠিয়েছেন গীতিকবি গাজী মাজহারুল আনোয়ার, মোহাম্মদ রফিকউজ্জামান, কাজী রোজী, খোশনূরসহ অনেক প্রবীণ গীতিকবি। ‘গীতিকবি সংঘ বাংলাদেশ’-এর সদস্য সংগ্রহের কাজ শুরু হয়েছে। আগ্রহী গীতিকবিরা geetikobishongho @gmail.com ই-মেইল ঠিকানায় অথবা সমন্বয় কমিটির সদস্যদের সঙ্গে যোগাযোগের মাধ্যমে সদস্যপদ সংগ্রহ করতে পারবেন। তবে জানা গেছে এই সংগঠনের সদস্যপদ পেতে হলে অবশ্যই উক্ত গীতিকবির প্রকাশিত গানের সংখ্যা হতে হবে কমপক্ষে ২৫টি।
