বড়লেখা (মৌলভীবাজার) সংবাদদাতা
হাকালুকি হাওর এখন পানিতে থইথই। হাওর এলাকায় পেশাদার জেলে, মৌসুমি জেলে ও খোরাকি জেলেদের বসবাস। এই জেলেরা জল ঘেঁটে যা পায় তাই পরিবারের রাতদিনের সঞ্চয়। তাই নিয়ে দিন শেষে তাদের ছুটতে হয় গ্রামীণ হাটে। বিক্রিবাটা করে নগদ যা পাওয়া যায় তা দিয়েই পুরো পরিবারের খাবারদাবার, এটা সেটা জুটাতে হয়। ছবির এই মানুষটিও তাই করছেন। দিনের শেষে হাট থেকে ওষুধ, ডাল, মসলা নিয়ে ফিরছেন ঘরে। হয়তো শরীর ভরা ক্লান্তি, হয়তো স্বজনের মুখে আহার জোগানোর কিছুটা সুখও আছে সঙ্গে। ছবিটি শনিবার মৌলভীবাজারের বড়লেখার হাকালুকি হাওর পাড় থেকে।
