রাষ্ট্রায়ত্ত পাটকল
খুলনা অফিস
খুলনায় রাষ্ট্রায়ত্ত পাটকল বন্ধ নয়, বিজেএমসি বাতিল করে মন্ত্রণালয়ের অধীনে টাস্কফোর্স গঠন করে অবিলম্বে আধুনিকীকরণ, ঈদের আগে শ্রমিকদের বোনাসসহ ছয়টি বিল প্রদান, ২০১৩ সাল থেকে অবসর নেওয়া শ্রমিকদের এককালীন পাওনা পরিশোধ এবং রাষ্ট্রায়ত্ত পাটকলের অব্যবস্থা ও দুর্নীতির জন্য দায়ীদের বিরুদ্ধে তদন্তের মাধ্যমে আইনানুগ ব্যবস্থা গ্রহণসহ পাঁচ দফা দাবি জানিয়েছে পাটকল রক্ষায় শ্রমিক-কৃষক-ছাত্র-জনতা ঐক্য পরিষদ। গতকাল রবিবার দুপুরে নগরীর খালিশপুর ক্রিসেন্ট জুট মিল গেটের সামনে এক মানববন্ধন ও সমাবেশে এ দাবি জানানো হয়। অপরদিকে বাংলাদেশ রাষ্ট্রায়ত্ত পাটকল রক্ষা সিবিএ নন-সিবিএ সংগ্রাম পরিষদ শ্রম আইন অনুযায়ী শ্রমিকদের বোনাস প্রদান, শ্রমিক আন্দোলন, সিবিএ ও সামাজিক দায়বদ্ধতা বাবদ ভুয়া ৯০ কোটি টাকা ব্যয় দেখিয়ে সিবিএর সম্মান ক্ষুণ্ন, ঘরভাড়া বাবদ বিগতদিনের মতো মজুরি কর্তন, শ্রমিকদের নামে মামলা দ্রুত নিষ্পত্তিসহ ১০ দফা দাবি জানিয়ে কর্মসূচি দিয়েছে।
