সংবাদ সংক্ষেপ

আপডেট : ২৬ জুলাই ২০২০, ২১:৩০

বন্যার্তদের মধ্যে শাড়ি-লুঙ্গি বিতরণ

ভেদরগঞ্জ (শরীয়তপুর) সংবাদদাতা পানিসম্পদ উপমন্ত্রী ও আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এ কে এম এনামুল হক শামীম এমপির মায়ের নামে প্রতিষ্ঠিত বেগম আশ্রাফুন্নেছা ফাউন্ডেশনের পক্ষ থেকে শনিবার বিকালে চরভাগা পাইকবাড়ী থেকে এ কার্যক্রম উদ্বোধন করা হয়। রবিবার দিনব্যাপী ভেদরগঞ্জ উপজেলার সখিপুর থানার ২৩টি ইউনিয়ন ও নড়িয়া পৌরসভায় বন্যার্তদের মধ্যে সাড়ে ৫ হাজার শাড়ি-লুঙ্গি ও প্রায় ৮ হাজার ৪০০ পিস স্যালাইন বিতরণ করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন শরীয়তপুর জেলা আওয়ামী লীগের সহসভাপতি মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান সিকদার।

ভাসমান কৃষি সম্প্রসারণের ওপর মাঠ দিবস

ডুমুরিয়া (খুলনা) সংবাদদাতা ভাসমান কৃষির আধুনিক প্রযুক্তি সম্প্রসারণ উপলক্ষ্যে রবিবার বাংলাদেশ কৃষি গবেষণা কেন্দ্র রহমতপুর বরিশালের পক্ষ থেকে ডুমুরিয়ায় মাঠ দিবস পালনের আয়োজন করা হয়। উপজেলা সদরের গোলনা খালের পশ্চিমপাড়ে উখড়া গ্রামের মাঠ দিবসে সভাপতিত্ব করেন গবেষণা কেন্দ্রের প্রকল্প পরিচালক ড. মোস্তাফিজুর রহমান তালুকদার।

নন-এমপিও শিক্ষক-কর্মচারীদের মধ্যে প্রধানমন্ত্রীর অনুদান বিতরণ

ভাঙ্গুড়া (পাবনা) সংবাদদাতা ভাঙ্গুড়ার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের নন-এমপিও শিক্ষক-কর্মচারীদের মধ্যে রবিবার প্রধানমন্ত্রীর অনুদানের চেক বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ আশরাফুজ্জামান শিক্ষক-কর্মচারীদের হাতে এসব চেক তুলে দেন। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. সাইফুল ইসলাম জানান, এটি করোনা ভাইরাসের কারণে ক্ষতিগ্রস্ত শিক্ষক-কর্মচারীদের জন্য প্রধানমন্ত্রীর তহবিল থেকে প্রাপ্ত বিশেষ অনুদান।

দুস্থদের মধ্যে বিনা মূল্যে সোলার প্যানেল বিতরণ

মনপুরা (ভোলা) সংবাদদাতা বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদ্যাপন উপলক্ষ্যে মনপুরায় মসজিদ, মন্দির, শিক্ষাপ্রতিষ্ঠানে ও দরিদ্র অসহায় পরিবারের মধ্যে রবিবার বিনা মূল্যে ১০০টি সোলার প্যানেল বিতরণ করা হয়েছে। পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশনের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও আওয়ামী লীগ সভাপতি শেলিনা আকতার চৌধুরী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সভাপতি মো. আলমগীর হোসেন, পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশনের উপপরিচালক মো. রফিকুল ইসলাম প্রমুখ।

ঈদ উপলক্ষ্যে ভিজিএফের চাল বিতরণ শুরু

সৈয়দপুর (নীলফামারী) সংবাদদাতা সৈয়দপুরে ঈদ উপলক্ষ্যে গরিব ও অসহায় পরিবারের মধ্যে রবিবার ভিজিএফের চাল বিতরণ শুরু হয়েছে। পৌরসভার হতদরিদ্র মানুষের মধ্যে চাল বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন পৌর মেয়র অধ্যক্ষ মো. আমজাদ হোসেন সরকার। পৌরসভা চত্বরে আয়োজিত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন পৌরসভার প্যানেল মেয়র-১ জিয়াউল হক জিয়া, ট্যাগ অফিসার আনসার ভিডিপি ব্যাংকের ম্যানেজার মোজাহিদুল ইসলাম প্রমুখ।

প্রতিবন্ধীদের মধ্যে ভাতা প্রদান

ডিমলা (নীলফামারী) সংবাদদাতা ডিমলায় ৩৬০ জন প্রতিবন্ধী সুবিধাভোগীর মধ্যে রবিবার সমাজসেবা অধিদপ্তরের মোট ৩২ লাখ ৪০ হাজার টাকা বিতরণ করা হয়েছে। উপজেলা পরিষদের হলরুমে উপজেলা সদর ইউনিয়নের প্রতিবন্ধী সুবিধাভোগীদের মধ্যে এ ভাতা বিতরণ করা হয়। বিতরণ অনুষ্ঠানে ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়শ্রী রানী রায়, উপজেলা সমাজসেবা কর্মকর্তা নুরুন নাহার নুরী প্রমুখ উপস্থিত ছিলেন।

ছাত্রীদের মধ্যে বাইসাইকেল বিতরণ

ভূঞাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা  ভূঞাপুরে রবিবার মেধাবী ছাত্রীদের মধ্যে বাইসাইকেল বিতরণ করা হয়েছে। উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসনের উদ্যোগে এবং এডিবির সহায়তায় উপজেলার আটটি মাধ্যমিক বিদ্যালয়ের মেধাবী ২৩ জন ছাত্রীকে এ সাইকেল বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় এমপি ছোট মনির, উপজেলা চেয়ারম্যান আব্দুল হালিম অ্যাডভোকেট, উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসরীন পারভীন প্রমুখ।

 

 

 

০