ঈদের সময় রাস্তায়, বাসা-বাড়িতে, বাজার-হাটে, চোর-ডাকাত-প্রতারক-অজ্ঞান পার্টি-মলম পার্টির দাপট বাড়ে। সঙ্গবদ্ধ হয়ে রাতে কোরবানির পশু চুরি করে নিয়ে যায়। পশু ক্রয় করতে বাজারে যাওয়ার পথে চোখে মলম লাগিয়ে টাকা-পয়সা লুটে নেয় মলম পার্টি। পান, চা, লোভনীয় খাবারে নেশা জাতীয় দ্রব্য মিশিয়ে ওত্ পেতে থাকে। যাতায়াতের সময় মানুষের সঙ্গে ভাব জমায়। কৌশলে ঐ খাবার খেতে দেয়। খাবার খেয়ে অচেতন হয়ে পড়লে টাকা-পয়সা হাতিয়ে নেয়। কোরবানির পশু বহনকারী গাড়ি ছিনতাই, চাঁদাবাজি হয় রাস্তায় প্রতিবছর। এবার করোনায় মুখোশ পরে চুরি-ডাকাতি হবে। বন্যায় অনেক জায়গায় রাস্তাঘাট তলিয়ে গেছে। এই সুযোগে এদের দৌরাত্ম্য বাড়ছে। আশুলিয়ায় তিন গরু ব্যবসায়ীকে কুপিয়ে ১৬ লাখ টাকা ছিনতাই করেছে গত বুধবার রাতে। পুবাইল এলাকায় মধ্যরাতে সন্দেহজনক ট্রাক, পিকআপ দেখা যাচ্ছে। কয়েকদিন আগে কুদাব গ্রামে দুর্ধর্ষ ডাকাতি ও খুনখারাপির ঘটনা ঘটেছে। ঈদকে সামনে রেখে পুবাইল এলাকায় আইন-শৃঙ্খলা বাহিনীর আরো সক্রিয় হওয়া চাই।
জিয়াউল হক সরকার, পূবাইল, গাজীপুর
