শিল্প মন্ত্রণালয়ের সঙ্গে এসএমই ফাউন্ডেশনের এপিএ স্বাক্ষর

আপডেট : ২৬ জুলাই ২০২০, ২১:৪৩

ইত্তেফাক রিপোর্ট

চলতি ২০২০-২১ অর্থবছরের বিভিন্ন উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নে শিল্প মন্ত্রণালয়ের সঙ্গে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) সই করেছে এসএমই ফাউন্ডেশন। গতকাল রবিবার অনলাইন প্ল্যাটফরমে অনুষ্ঠিত অনুষ্ঠানে শিল্প মন্ত্রণালয়ের দপ্তর ও সংস্থাগুলোর  প্রধানগণ নিজেদের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি সই করেন। এসএমই ফাউন্ডেশনের পক্ষে এপিএ চুক্তিতে স্বাক্ষর করেন ব্যবস্থাপনা পরিচালক মো. সফিকুল ইসলাম। অনুষ্ঠানে তিনি জানান, সরকারের উন্নয়ন পরিকল্পনা, এসএমই নীতিমালা ২০১৯ এবং ৮ম পঞ্চবার্ষিক পরিকল্পনা বাস্তবায়নকে বিবেচনায় নিয়ে চলতি অর্থবছরে বাস্তবায়নের জন্য পাঁচটি কৌশলগত লক্ষ্যের আওতায় ৩২টি কার্যক্রম এবং ৪৬টি কর্মসম্পাদন সূচক রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো—এসএমই উদ্যোক্তাদের নতুন বাজার সম্প্রসারণ, উত্পাদিত পণ্য বিপণনে সহায়তা, রপ্তানি উন্নয়ন ব্যুরো-ইপিবির সহায়তায় যোগ্য উদ্যোক্তাদের পণ্য রপ্তানিতে সহায়তাকরণ, তৃতীয় লিঙ্গ ও দলিত সম্প্রদায়ের উদ্যোক্তাদের প্রশিক্ষণের আওতায় অন্তর্ভুক্তকরণ এবং মুজিববর্ষ উপলক্ষ্যে বিশেষ জার্নাল প্রকাশ ও ‘শিল্পায়নের বঙ্গবন্ধু’ শীর্ষক সেমিনার আয়োজন। অনুষ্ঠানে  শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন, শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, সচিব কে এম  আলী আজম প্রমুখ উপস্থিত ছিলেন।