প্রবাসীদের জন্য একগুচ্ছ প্রণোদনা ঘোষণা করেছে সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড (এসআইবিএল)। এসআইবিএলের মাধ্যমে প্রেরিত রেমিট্যান্সের অর্থ ব্যবহার করে সংশ্লিষ্ট শাখায় মুদারাবা সঞ্চয়ী হিসাব খুললে বিদ্যমান মুনাফার হার হতে অতিরিক্ত ১ শতাংশ মুনাফা প্রদান করা হবে। একই ভাবে মুদারাবা মেয়াদি আমানত হিসাব খুললে বিদ্যমান মুনাফা হার হতে অতিরিক্ত শূন্য দশমিক ৫০ শতাংশ মুনাফা প্রদান করা হবে। প্রবাসী কর্তৃক বাড়ি বা ফ্ল্যাট ক্রয়ের ক্ষেত্রে এসআইবিএল থেকে বিনিয়োগ সুবিধা নিলে সংশ্লিষ্ট বিনিয়োগ হিসাবে বিদ্যমান হারের চেয়ে ১ শতাংশ কম মুনাফা গ্রহণ করা হবে এবং নিয়মিতভাবে রেমিট্যান্সের আয় হতে কিস্তি পরিশোধ করা হলে মুনাফার ১০ শতাংশ ফেরত দেওয়া হবে।
যে কোনো প্রবাসী দেশে ফিরে ব্যবসা করতে চাইলে ৩০ শতাংশ অর্থ রেমিট্যান্সের সঞ্চয় হতে প্রদান করে বাকি ৭০ শতাংশ অর্থ এসআইবিএল থেকে বিনিয়োগ নিতে পারবেন যার ওপর চলতি হারের চেয়ে ১ শতাংশ কম মুনাফা গ্রহণ করা হবে। এছাড়াও কোনো প্রবাসী বাংলাদেশির মুদারাবা সঞ্চয়ী হিসাবে গড়ে প্রতি মাসে ১০ লাখ টাকা জমা থাকলে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মাধ্যমে বিদেশ থেকে বাংলাদেশে আসার টিকিট প্রদানসহ বাড়ি পৌঁছে দেওয়া এবং প্রতি মাসে ২৫ লাখ টাকা জমা থাকলে বিদেশ থেকে বাংলাদেশ বিমানে আসা-যাওয়ার রিটার্ন টিকিট প্রদান করবে এসআইবিএল।
বৈধ পথে প্রবাসীদের যে কোনো পরিমাণ রেমিট্যান্সের ওপর ব্যাংক দুই শতাংশ প্রণোদনা দিচ্ছে। সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের দেশব্যাপী বিস্তৃত ১৬১টি শাখা, ৪০টি উপশাখা এবং ১৩৪টি এজেন্ট ব্যাংকিং আউটলেটের মাধ্যমে প্রবাসী বাংলাদেশীগণ রেমিট্যান্স সেবা নিতে পারছেন। —প্রেস বিজ্ঞপ্তি
