স্পোর্টস ডেস্ক
সাম্প্রতিক কিছু কর্মকাণ্ডে বার্সেলোনা ছাড়ার ইঙ্গিত ভালোভাবেই দিচ্ছেন লিওনেল মেসি। বার্সা অধিনায়কের পরবর্তী গন্তব্য ইন্টার মিলান এমন গুঞ্জনও বেশ কয়বারই মাথাচাড়া দিয়ে উঠেছে ইউরোপীয় সংবাদ মাধ্যমে। তবে এবার এমন গুঞ্জন উড়িয়ে দিয়ে ইন্টার মিলান কোচ অ্যান্তোনিও কন্তে জানিয়েছেন, এমন আকাশকুসুম ভাবনা ভাবছে না তার দল।
লিওনেল মেসির চুক্তিতে প্রতি মৌসুম শেষেই বিনা মূল্যে দল ছাড়ার একটা ধারা আছে। সেটা গেল বছর সংবাদ মাধ্যমে প্রকাশ পেতেই ম্যানচেস্টার সিটি আর ইন্টার মিলানে যোগ দেওয়ার গুঞ্জনগুলো মাথাচাড়া দিয়ে উঠতে শুরু করে। শেষ কিছুদিনে মেসির চুক্তি নবায়নের প্রক্রিয়া বন্ধ করে দেওয়া আর প্রকাশ্যে বোর্ডের সমালোচনা সে গুঞ্জনের আগুনে ঘিই ঢেলেছে কেবল।
তবে ইন্টার কোচ কন্তে সে গুঞ্জন উড়িয়েই দিলেন। বললেন, ‘আমরা নিশ্চয়ই ফ্যান্টাসি ফুটবল নিয়ে কথা বলছি? বর্তমানে ইন্টারের পক্ষে তেমন দলবদল সম্ভব নয়।’
মেসিকে দলে পেতে অবশ্য ঠিকই আশা ব্যক্ত করেছেন কন্তে। ইতালিয়ান কোচের ভাষ্য, ‘পৃথিবীতে এমন কোনো বোকা নেই যে মেসিকে দলে পেতে চাইবে না। তবে ইন্টার মিলান এখন তেমন কিছু থেকে অনেক দূরে অবস্থান করছে। আমরা যে দলটা বানাচ্ছি, আর চেষ্টা চালিয়ে যাচ্ছি তার সঙ্গে মানানসই নয় এ দলবদল।’ ইন্টার কোচ জানান, দলের ভিত্তি তৈরিতে মনোযোগ এখন ক্লাবের। তিনি বলেন, ‘আগে আমাদের মূল ভিত্তিটা ভালো প্রয়োজন। এরপর হয়তো তেমন কিছু ঘটবে। তবে আমি আবারও বলবো এটা ফ্যান্টাসি ফুটবল। তবে এ ধরনের গুঞ্জনে ইন্টার যুক্ত থাকছে, ব্যাপারটা সুখকর।’
