স্পোর্টস রিপোর্টার
প্রাণঘাতী করোনা ভাইরাসের কারণে মে মাসে আয়ারল্যান্ড সফর করা হয়নি বাংলাদেশ জাতীয় দলের। তিন ওয়ানডে ও চার টি-২০ ম্যাচ খেলার কথা ছিল দুই দলের। করোনায় স্থগিত হয়ে গেছে এই সিরিজ। সম্প্রতি আবারও সিরিজটি আয়োজনে আগ্রহ দেখিয়েছে আইরিশ ক্রিকেট বোর্ড। বিসিবির কাছে প্রস্তাবনা পাঠিয়েছে দুই-তিন মাসের মধ্যে সিরিজ আয়োজন করতে চায় তারা।
প্রাথমিকভাবে স্বাস্থ্যবিধি, কোয়ারেন্টাইন মেনে জাতীয় দলকে আয়ারল্যান্ড সফরে পাঠানোর চিন্তা করেছিল বিসিবিও। বাংলাদেশে করোনা পরিস্থিতির উন্নতি হচ্ছে না বলেই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে বিদেশ সফরকেই টার্গেট করছে বিসিবি। যেখানে শ্রীলঙ্কার পাশাপাশি আয়ারল্যান্ড সফরের কথা ভাবা হয়েছিল।
কিন্তু শেষ পর্যন্ত আয়ারল্যান্ড সফরের চিন্তা থেকে সরে এসেছে বিসিবি। আগামী দুই-তিন মাস তথা চলতি বছরে অন্তত আয়ারল্যান্ড সফরে যাচ্ছে না টাইগাররা। শুধু শ্রীলঙ্কা সফরের বিষয়টিই চূড়ান্ত করেছে বিসিবি।
বছরের শেষ দিকে আয়ারল্যান্ড যাওয়ার চিন্তা বাদ দেওয়া হয়েছে মূলত দেশটির আবহাওয়ার কারণে। ঐ সময়ে দেশটিতে প্রচণ্ড ঠান্ডা থাকবে। যেখানে করোনা সংক্রমণের ঝুঁকি উলটো বাড়বে। আইরিশদের বিরুদ্ধে সিরিজটা ২০২০ সালে খেলার সম্ভাবনা নেই বললেই চলে। গতকাল বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান এমনটাই জানিয়েছেন। সংবাদমাধ্যমকে এই প্রসঙ্গে আকরাম বলেছেন, ‘আমরা আয়ারল্যান্ড যাওয়ার চিন্তা থেকে মোটামুটি সরে এসেছি। কারণ যে সময়টায় যাওয়ার কথা হচ্ছিল, তখন আয়ারল্যান্ডে বেশ ঠান্ডা পড়ে যাবে। আর প্রচণ্ড শীতের ভেতরে করোনা সংক্রমণের ঝুঁকি খুব বেশি। আমরা অযথা ঝুঁকি নিতে চাই না। আমরা এমন কোনো সফর করতে চাই না, যেখানে ক্রিকেটারদের স্বাস্থ্যঝুঁকি থাকে। আমরা ক্রিকেটারদের জীবন ও স্বাস্থ্যের নিরাপত্তার কথা ভেবেই আয়ারল্যান্ড না গিয়ে শ্রীলঙ্কায় খেলতে যাওয়ার কথা ভাবছি।’
