স্পোর্টস ডেস্ক
ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরুর আগে এমন অদ্ভুত সমস্যায় পড়েছে আয়ারল্যান্ড। সাদা বলটাই দেখতে পাচ্ছেন না আইরিশ ক্রিকেটাররা।
সিরিজের তিনটি ওয়ানডে হবে সাউদাম্পটনের আজিয়াস বৌলে। সিরিজ শুরু ৩০ জুলাই। আয়ারল্যান্ড দল সেখানে আছে গত সপ্তাহ থেকে। নিজেদের মধ্যে ভাগ হয়ে খেলা প্রস্তুতি ম্যাচে ফিল্ডিংয়ে বল ধরতে গিয়ে ভুগতে হয়েছে আইরিশ ফিল্ডারদের। কারণ, খেলা সাদা বলে। স্টেডিয়ামের ফাঁকা গ্যালারির আসনগুলোও সাদা। ফিল্ডিংয়ের সময় তাই বল দেখতে বিপত্তিতে পড়ছেন ক্রিকেটাররা। আয়ারল্যান্ডের জন্য বিষয়টা বেশ চ্যালেঞ্জের, ভার্চুয়াল সংবাদ সম্মেলনে জানালেন কোচ গ্রাহাম ফোর্ড।
তিনি বলেন, ‘কিছুটা দুর্ভাবনার বিষয় হলো এখানকার ব্যাকগ্রাউন্ড। আসনগুলো ক্রিম বা সাদা এবং ফাঁকা স্টেডিয়ামে সাদা বলে খেলা। তাই ফিল্ডারদের জন্য ব্যাকগ্রাউন্ড একটি চ্যালেঞ্জ হতে পারে।’ আইরিশ অধিনায়ক অ্যান্ডি বালবার্নি অবশ্য আশাবাদী, আবহার সঙ্গে মানিয়ে নিতে পারবেন তারা। বললেন, ‘মানিয়ে নিতে খানিকটা সময় লাগছে বটে। তবে প্রস্তুতির জন্য এক সপ্তাহ সময় পাচ্ছি আমরা। নিজেদের তাই আমরা আরো শানিত করতে পারি। এটি নিশ্চিত করতে হবে, সবাই যেন স্বস্তিতে ফিল্ডিং করতে পারে এবং চোখ যাতে অভ্যস্ত হয়ে ওঠে।’
