নওগাঁয় পানিতে ডুবে মৃত্যু ৫

আপডেট : ২৬ জুলাই ২০২০, ২২:০৭

নওগাঁ প্রতিনিধি

নওগাঁর আত্রাইয়ে বন্যার পানিতে ডুবে চারজন এবং বদলগাছীতে নদীতে গোসল করতে গিয়ে এক কিশোরের মৃত্যু হয়েছে। রবিবার দুপুরে ও শনিবার সন্ধ্যায় পৃথক উপজেলায় এই মৃত্যুর ঘটনা ঘটেছে।

আত্রাইয়ে নিহতরা হলো রাজশাহী জেলার বাগমারা উপজেলার ভাতঘরপাড়া গ্রামের ইউনুছ আলী মৃধার ছেলে ইরান মৃধা (৮) ও মেয়ে ইরা আক্তার (১৬)। ইরান সিংসাড়া প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র ও ইরা সিংসাড়া স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির ছাত্রী। আত্রাই উপজেলার শুকটিগাছা  গ্রামের মোতাহার হোসেনের দুই বছর বয়সের জমজ মেয়ে হালিমা আক্তার ও হাবিবা আক্তার। অপরজন হলো বদলগাছী উপজেলা সদরের মাস্টারপাড়ার রতন কুমার মণ্ডলের ছেলে পলক কুমার (১৪) বদলগাছী সরকারি মডেল পাইলট হাইস্কুলের নবম শ্রেণির ছাত্র।

বাগমারা উপজেলার ভাতঘরপাড়া গ্রামের ইউনুছ আলী বাড়ির পাশে আজ দুপুরে পুকুরের পাড়ে খেলার সময় ছোট ভাই ইরান পুকুরের পানিতে পড়ে যায়। এ সময় বড় বোন ইরা ছোট ভাইকে উদ্ধার করতে পুকুরে নামে। এক পর্যায়ে দুইজনই পানির নিচে তলিয়ে যায়। পরিবারের লোকজন দীর্ঘ সময় তাদের দুইজনকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি করতে থাকে। এক পর্যায়ে পুকুরের পানিতে তাদের দুইজনকেই ভাসমান অবস্থায় দেখতে পান। দ্রুত তাদের উদ্ধার করে আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিত্সক মৃত ঘোষণা করেন।

আত্রাইয়ে অপর ঘটনাটি শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার আহসানগঞ্জ ইউনিয়নের শুকটিগাছা গ্রামে এই ঘটনা ঘটেছে। নিহতের স্বজন সূত্রে জানা গেছে, বিকেল ৫টার দিকে তাদের নিজ বাড়ির উঠানে হালিমা আক্তার ও হাবিবা আক্তার খেলছিল। সন্ধ্যার দিকে তাদের দুই জনকে দেখতে না পেয়ে পরিবারের লোকজন খোঁজ শুরু করে। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বাড়ির পাশে একটি পুকুরে তাদের ভাসমান মৃতদেহ দেখতে পেয়ে তুলে নিয়ে আসেন। স্থানীয়রা দ্রুত আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিত্সক ঐ দুই শিশুকে মৃত ঘোষণা করেন।