লবণের ট্রাকে মাদক!

আপডেট : ২৬ জুলাই ২০২০, ২২:১৮

বিপুল পরিমাণ ইয়াবাসহ ছয় জন গ্রেফতার

বিশেষ প্রতিনিধি

রাজধানীর অন্যতম ইয়াবা কারবারি রিপন ও তার কথিত এক ভাবি। রিপনের পরিচয় তিনি পরিবহন ব্যবসায়ী। তার রয়েছে একাধিক ট্রাক। তবে এ ট্রাকে করে দেশের অন্য কোথাও পণ্য পরিবহন করা হয় না। রিপনের ট্রাক চলে ঢাকা-কক্সবাজার সড়কে। ঢাকা থেকে যে কোনো পণ্য নিয়ে সরাসরি যায় কক্সবাজার। এরপর কক্সবাজার থেকে লবণ বোঝাই করে নিয়ে আসে রাজধানীতে।  লবণ বহনের অজুহাতে প্রায় প্রতি সপ্তাহে ট্রাকে করে আনা হয় ইয়াবার চালান। পুলিশের জিজ্ঞাসাবাদে এমন তথ্য জানিয়েছে ট্রাক চালক তরিকুল ইসলাম ও হেলপার ফারুক হোসেন।

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) গুলশান জোনের একটি টিম শনিবার রাতে তাদের ঢাকা-চট্টগ্রাম সড়কের যাত্রাবাড়ী এলাকা থেকে গ্রেফতার করে। এসময় ট্রাক তল্লাশি করে পাওয়া যায় ৩৯ হাজার ২০০ পিস ইয়াবা। পরবর্তীতে তাদের দেওয়া তথ্য মতে আরো চার জনকে গ্রেফতার করে ডিবি। তারা হলেন—রকিবুল হক ওরফে রাকিব, রফিকুল ইসলাম ওরফে শাওন, ফরহাদ ভূঁইয়া ও আল আমিন। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ৮০০ পিস ইয়াবা। মহানগর গোয়েন্দা পুলিশ তাদের গতকাল রবিবার রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেছে।

অভিযান পরিচালনাকারী ঢাকা মহানগর গোয়েন্দা গুলশান বিভাগের গুলশান জোনাল টিমের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. গোলাম সাকলায়েন বলেন, গোয়েন্দা তথ্য ছিল একটি ট্রাকে করে ইয়াবার বড় চালান ঢাকায় আসছে। এ অবস্থায় শনিবার সন্ধ্যার দিকে ঢাকা-চট্টগ্রাম সড়কে যাত্রাবাড়ীতে অবস্থান নেই।  রাত সাড়ে ৮টার দিকে ট্রাকটিকে আটক করি। চালক তরিকুল ও হেলপার ফারুকের তথ্য মতে, ট্রাকের ভেতর থেকে উদ্ধার করা হয় ৩৯ হাজার ২০০ পিস ইয়াবা ট্যাবলেট। এরপর তাদের দেওয়া তথ্য মতে রিপনকে গ্রেফতারে চেষ্টা করা হয়। কিন্তু রিপন তার আস্তানা থেকে আগেই সরে পড়ে। তবে গ্রেফতার করা হয় রিপনের চার সহযোগীকে। তাদের চার জনের কাছ থেকে উদ্ধার করা হয় ৮০০ পিস ইয়াবা।

তিনি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে চালক ও হেলপার জানিয়েছে, ট্রাক এবং ইয়াবার চালানের মালিক রিপন এবং জনৈক ভাবি (গ্রেফতারকৃতরা ভাবির নাম জানাতে পারেনি, ভাবি নামেই পরিচিত)। রিপনের নির্দেশ মতো তারা কক্সবাজারের নাপিতখালী থেকে জনৈক মোশারফের কাছ থেকে তারা ইয়াবা চালান সংগ্রহ করে। ইয়াবার চালান ঢাকায় আনার পর রাকিব, শাওন, ফরহাদ ও আল আমিনের কাছে পৌঁছে দেয়। এরপর শেষ তাদের দায়িত্ব। অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. গোলাম সাকলায়েন বলেন, গ্রেফতারকৃতদের দেওয়া তথ্য মতে রিপন ও জনৈক ভাবিকে গ্রেফতারের চেষ্টা চলছে। পাশাপাশি এর সঙ্গে আর কে কে জড়িত আছে তা জানার চেষ্টা চলছে।