বিশ্ববিদ্যালয় রিপোর্টার
গত তিন অর্থবছরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাজেট বেড়েছে ২০৫ কোটি টাকা। কিন্তু এ তিন বছরে বেড়েছে ঘাটতি বাজেটও। চলতি অর্থবছরেও ঘাটতি বাজেট ৫০ কোটি ৫০ লাখ টাকা। চার বছরের হিসেবে ঘাটতি বাজেট বেড়ে দাঁড়িয়েছে ১৯ কোটি ৭১ লাখ ৮০ হাজার টাকা।
বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের সিনেট অধিবেশনে অনুমোদন পায় ৮৬৯ কোটি ৫৬ লাখ টাকা। সেখানে গবেষণার জন্য বরাদ্দ রাখা হয় মাত্র ৩১ কোটি ৪১ লাখ টাকা। বাজেট বক্তৃতায় দায়িত্বপ্রাপ্ত কোষাধ্যক্ষ ও উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ বলেন, বিগত পাঁচ বছরে এ প্রতিষ্ঠানের নিজস্ব কোনো আয় বাড়েনি। ফলে শিক্ষা ও গবেষণা কার্যক্রমে কাঙ্ক্ষিত অগ্রগতি অর্জন ব্যাহত হচ্ছে।
বিশ্ববিদ্যালয় প্রশাসনের দেওয়া হিসেবে দেখা যায়, ২০১৭-১৮ অর্থবছরে ঘাটতি ব্যয় ছিল ৩০ কোটি ৭৮ লাখ ২০ হাজার টাকা। ২০১৮-১৯ অর্থবছরে এ ঘাটতি ব্যয় বেড়ে দাঁড়ায় ৩৮ কোটি ৬৬ লাখ ২৬ হাজার টাকায়। এর পরের অর্থবছরে এ ঘাটতি বাড়তে থাকে আরো। ৪৫ কোটি ৭৭ লাখ টাকা ঘাটতি বাজেটে সংশোধিত ঘাটতি ছিল ৪৪ কোটি ৩৫ লাখ টাকা। চলতি অর্থবছরেও ঘাটতি বাজেট রাখা হয়েছে ৫০ কোটি ৫০ লাখ টাকা।
