করোনায় আক্রান্ত হয়ে সংসদ সদস্য ইসরাফিল লাইফ সাপোর্টে

আপডেট : ২৬ জুলাই ২০২০, ২২:৪০

নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইসরাফিল আলম করোনা আক্রান্ত হয়ে রাজধানীর একটি হাসপাতালে লাইফ সাপোর্টে আছেন। গতকাল রবিবার তার স্ত্রী সুলতানা পারভীন বিষয়টি নিশ্চিত করেছেন। এ সময় স্বামীর সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তিনি।

স্বজনরা জানান, এমপি ইসরাফিল আলম দীর্ঘদিন ধরে যক্ষ্মা রোগে ভুগছেন। এছাড়া ডায়াবেটিস, হূদরোগ, উচ্চ রক্তচাপ, কিডনি ও ফুসফুসের জটিল রোগে আক্রান্ত তিনি। ২০ জুন ইসরাফিল আলমের মা এসেদা রহমান মারা যান। পরদিন মায়ের জানাজায় অংশ নিয়ে দাফন সম্পন্ন করে ২২ জুন তিনি ঢাকায় ফিরে যান। এরপরই অসুস্থ হয়ে পড়লে ১০ দিন আগে ঢাকায় স্কয়ার হাসপাতালে ভর্তি করানো হয় তাকে। ভর্তির পর থেকে ক্রমেই তার শরীরের অবস্থা খারাপের দিকে যাচ্ছিল। শ্বাস-প্রশ্বাসের সমস্যা আরো জটিল অবস্থায় গেলে শনিবার তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়।