পদ্মা ব্যাংক থেকে কোটি টাকা আত্মসাত্

রিজেন্টের সাহেদের বিরুদ্ধে আরেক মামলার অনুমোদন

আপডেট : ২৭ জুলাই ২০২০, ০০:১৭

বেসরকারি পদ্মা ব্যাংক থেকে ১ কোটি টাকা আত্মসাত্ করার অভিযোগে রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মো. সাহেদের বিরুদ্ধে আরো একটি মামলার অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল রবিবার কমিশনের নিয়মিত বৈঠকে অনুসন্ধান কর্মকর্তার প্রতিবেদন যাচাই-বাছাই করে কমিশন মামলাটির অনুমোদন দেয়। শিগিগরই দুদকের সহকারী পরিচালক মো. সিরাজুল হক বাদী হয়ে দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়-১-এ মামলাটি দায়ের করবেন বলে দুদকের পরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য্য জানিয়েছেন।

এর আগে ২১ জুলাই রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মো. সাহেদসহ চার জনের বিরুদ্ধে এনআরবি ব্যাংক থেকে সুদসহ ১ কোটি ৫১ লাখ ৮১ হাজার ৩৬৫ টাকা আত্মসাতের অভিযোগে মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদকের সহকারী পরিচালক মো. সিরাজুল হক বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

গতকাল দুদক সূত্র জানায়, অনুসন্ধান কর্মকর্তার প্রতিবেদনে বেসরকারি পদ্মা ব্যাংক থেকে ১ কোটি টাকা আত্মসাতের ব্যাপারে তথ্য-প্রমাণ পাওয়ায় কমিশন তার বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত নিয়েছে। এই অর্থ আত্মসাতের ঘটনায় ব্যাংকটির অডিট কমিটির সাবেক চেয়ারম্যান মাহবুবুল হক চিশতি ও তার ছেলে ফয়সাল চিশতির সম্পৃক্ততা রয়েছে। তাদেরও এই মামলায় আসামি করা হবে।

দুদক সূত্র জানায়, সাহেদের মালিকানাধীন রিজেন্ট গ্রুপের আটটি সহযোগী প্রতিষ্ঠান রয়েছে। এগুলো হলো—রিজেন্ট হাসপাতাল লিমিটেড, রিজেন্ট কেসিএস লিমিটেড, মুনলাইট রিসোর্ট, ফোর স্টার ইন্টারন্যাশনাল লিমিটেড, মুনলাইট বিল্ডার্স, রিজেন্ট ইউনিভার্সিটি অব সাইন্স অ্যান্ড টেকনোলজি, ঢাকা সেন্ট্রাল কলেজ, দ্য ডেইলি অন্য দিগন্ত ও কর্মমুখী কর্মসংস্থান সোসাইটি। সব কটি প্রতিষ্ঠানের মাধ্যমে সাহেদ প্রতারণা করেছে বলে দুদকের অনুসন্ধান টিম তথ্য-প্রমাণ পেয়েছে। কমিশন গুরুত্বের সঙ্গে অনুসন্ধান চালিয়ে যাচ্ছে। অভিযোগের ব্যাপারে দালিলিক প্রমাণ পাওয়ামাত্রই কমিশন আইনগত ব্যবস্থা নেবে।