মুজিববর্ষ উপলক্ষ্যে সংসদ ভবন চত্বরে প্রায় ৫০০ বৃক্ষের চারা রোপণের কর্মসূচি নেওয়া হয়েছে। গতকাল রবিবার এই কর্মসূচির উদ্বোধন করে সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, মুজিববর্ষ উপলক্ষ্যে জাতীয় সংসদের পক্ষ থেকে বছরব্যাপী বিভিন্ন কার্যক্রম গ্রহণ করা হয়েছে, যার মধ্যে বৃক্ষরোপণ একটি। পরিবেশবান্ধব বৃক্ষরোপণ কর্মসূচি পরিবেশ সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী মুজিববর্ষ-২০২০ উপলক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১ কোটি বৃক্ষের চারা রোপণের কর্মসূচি ঘোষণা করেন। এরই অংশ হিসেবে জাতীয় সংসদও বৃক্ষরোপণের কর্মসূচি গ্রহণ করে।
স্পিকার একটি আম, একটি অশোক ও একটি নাগেশ্বর গাছের চারা রোপণের মাধ্যমে সংসদের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী এবং গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ গাছের চারা রোপণ করেন।
