সাভারে মরা গরুর মাংস বিক্রির চেষ্টা

আপডেট : ২৭ জুলাই ২০২০, ০০:৪১

সাভারে মরা গরু জবাই করে বিক্রির সময় চার জনকে আটক করে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল রবিবার দুপুরে সাভার উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মাহফুজ এ কারাদণ্ড প্রদান করেন। সাজাপ্রাপ্তরা হলেন—পিকআপ ভ্যানের চালক রুবেল হোসেন, চালকের সহকারী আসলাম, কসাই ফজলুক হক ও গরু ব্যবসায়ী আবু তাহের।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মাহফুজ জানান, শনিবার রাতে মানিকগঞ্জের পাটুরিয়া থেকে এক গরু ব্যবসায়ী বেশ কয়েকটি গরু বিক্রি করার জন্য সাভারে আনেন। পিকআপ ভ্যানটি আমিনবাজার এলাকায় পৌঁছলে অজ্ঞাতকারণে একটি গরু মারা যায়। কিন্তু পিকআপ ভ্যানের চালক রবিবার ভোরে মরা গরুটি আমিনবাজারের স্থানীয় কসাই ফজলুক হকের সাহায্য নিয়ে জবাই করে স্থানীয়দের মধ্যে মাংস বিক্রি করার প্রস্তুতি নেয়। বিষয়টি এলাকাবাসীর সন্দেহ হলে সাভার মডেল থানা পুলিশকে খবর দেওয়া হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে জবাইকৃত মরা গরুসহ চার জনকে আটক করে নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মাহফুজের আদালতে হাজির করে। আদালত শুনানি শেষে পিকআপ ভ্যানের চালক রুবেল হোসেনকে ১৫ দিন, চালকের সহযোগী আসলামকে সাত দিন, কসাই ফজলুক হককে তিন দিন ও গরু ব্যবসায়ী আবু তাহেরকে তিন দিনের কারাদণ্ড প্রদান করেন। পরে পুলিশ গ্রেফতারকৃতদের জেলহাজতে প্রেরণ করে।