করোনা সনদে জটিলতা

শাহজাহান খানের মেয়েকে উঠতে দেওয়া হয়নি লন্ডনগামী বিমানের ফ্লাইটে

আপডেট : ২৭ জুলাই ২০২০, ০১:০০

নভেল করোনা সনদে জটিলতা দেখা দেওয়ায় আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও সাবেক নৌপরিবহনমন্ত্রী শাহজাহান খানের মেয়েকে লন্ডনগামী বাংলাদেশ বিমানের ফ্লাইটে উঠতে দেওয়া হয়নি। গতকাল রবিবার সকালে হজরত শাহজালাল আন্তজার্তিক বিমানবন্দরে এ ঘটনা ঘটে।

বিমানবন্দর সূত্র জানিয়েছে, শাহজাহান খানের মেয়ে ঐশী খান করোনা পজিটিভ থাকার পরও নেগেটিভ সনদ নিয়ে বিমান বাংলাদেশ এয়ার লাইনসের নিয়মিত একটি ফ্লাইটে লন্ডন যেতে চেয়েছিলেন। কিন্তু যাত্রীদের কোভিড- ১৯ নেগেটিভ সনদ পরীক্ষার সময় ঐশী খানের কোভিড সনদে জটিলতা দেখা দেয়। পরে সেই সনদ নিয়ে ইমিগ্রেশন কর্মকর্তারা বিমানবন্দর স্বাস্থ্যকেন্দ্রে যাচাই করেন। স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইটে সনদের নম্বর যাচাই করে দেখা যায়. ওই যাত্রীর কোভিড-১৯ পজিটিভ বলে উল্লেখ করা রয়েছে। পরে তাঁকে লন্ডনগামী ফ্লাইটে উঠতে দেওয়া হয়নি।

এ প্রসঙ্গে শাজাহান খান বলেন, আমার মেয়ে লন্ডনে পড়াশোনা করে। করোনাভাইরাস প্রাদুর্ভাবের আগে ছুটিতে এসেছিল সে। এরপর গত পরশু লন্ডন যাওয়ার জন্য আমার মেয়ে মহাখালীতে ডিএনসিসির আইসোলেশন সেন্টারে কোভিড-১৯ নমুনা পরীক্ষার জন্য দিয়েছিল। গত শনিবার তার মেসেজ আসে যে তার কোভিড-১৯ নেগেটিভ। এরপর গতকাল জানতে পারি যে আমার মেয়ের কোভিড-১৯ পজিটিভ। তিনি বলেন, আমার মেয়ে সম্পূর্ণ সুস্থ রয়েছে। তার কোনো ধরনের জ্বর, সর্দি, কাশি কিছুই নেই। কীভাবে এটা হলো বুঝতে পারছি না।