ঈদে ৩ পর্বের বিশেষ সিসিমপুর ‘হৈ-হুল্লোড় ঈদে, থাকি নিরাপদে’

আপডেট : ২৭ জুলাই ২০২০, ২০:৫৪

বিনোদন রিপোর্ট

 

ঈদে প্রচারিত হবে সিসিমপুরের ৩ পর্বের বিশেষ অনুষ্ঠান ‘হৈ-হুল্লোড় ঈদে, থাকি নিরাপদে’। বাংলাদেশ টেলিভিশনের ঈদ অনুষ্ঠানমালায় ঈদের দিন সকাল ১১টা ২০ মিনিট, ঈদের দ্বিতীয় দিন এবং ঈদের তৃতীয় দিন সকাল ১১টা ২৫ মিনিটে প্রচারিত হবে বিশেষ এই অনুষ্ঠানটি।

জানা গেছে, সিসিমপুরের জনপ্রিয় চরিত্রগুলো তাদের বাড়িতে থেকেই অনুষ্ঠানটিতে অংশ নেবে। কারণ করোনা ভাইরাসের কারণে তারা সবাই ঘরেই থাকছে। কিন্তু ঘরে থেকেও কীভাবে ঈদের আনন্দ করা যায়, কীভাবে বাইরের পৃথিবীটাকে ঘরে নিয়ে আসা যায়, সেগুলো নিয়ে কথা বলবে হালুম-টুকটুকি আর ইকরিরা।

বিশেষ এই অনুষ্ঠান সম্পর্কে সিসিমপুরের নির্বাহী পরিচালক মোহাম্মদ শাহ আলম বলেন, ‘করোনা মহামারির এই বিশেষ সময়ে শিশুদের শিক্ষা ও নিরাপত্তায় আমাদের বিশেষ নজর দিতে হবে। ঈদের বিশেষ এই অনুষ্ঠানটিও সেভাবে সাজানো হয়েছে। শিশুদের প্রিয় চরিত্রগুলো বিনোদনের মধ্য দিয়ে শিশুদের জানাবে কীভাবে ঘরে থেকেই ঈদের আনন্দ উপভোগ করা যায় আর নিজেদের নিরাপদ রাখা যায়।’