পঞ্চগড়ে বই পড়া উত্সব

আপডেট : ২৭ জুলাই ২০২০, ২১:৩৩

পঞ্চগড় প্রতিনিধি

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ‘বঙ্গবন্ধুকে পড়ো, বাংলাদেশকে জানো’ শীর্ষক বই পড়া উত্সব অনুষ্ঠিত হলো। করোনা পরিস্থিতিতে বাড়িতেই অলস সময় পার করা শিক্ষার্থীদের মধ্যে উত্সাহ জোগাতে তেঁতুলিয়া উপজেলা প্রশাসন এই উত্সবের আয়োজন করে। সোমবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ উত্সবের উদ্বোধন করেন পঞ্চগড় জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিন। এ সময় তেঁতুলিয়া উপজেলা চেয়ারম্যান কাজী মাহমুদুর রহমান ডাবলু, তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহাগ চন্দ্র সাহাসহ তেঁতুলিয়ার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা যুক্ত ছিলেন।

উত্সবে উপজেলার ৩০টি শিক্ষাপ্রতিষ্ঠানের অষ্টম থেকে দ্বাদশ শ্রেণিতে পড়ুয়া নির্বাচিত ৩০০ শিক্ষার্থীকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রচিত ‘অসমাপ্ত আত্মজীবনী’, ‘কারাগারের রোজনামচা’ ও ‘আমার দেখা নয়া চীন’—এই তিনটি বিখ্যাত বই পৌঁছে দেওয়া হবে। তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহাগ চন্দ্র সাহা জানান, শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের হাতে বই সরবরাহ করা হয়েছে। তারা শিক্ষার্থীদের বাড়িতে বাড়িতে বই পৌঁছে দিবেন।