ইত্তেফাক ডেস্ক
বিভিন্ন স্থানে পানিতে ডুবে পাঁচ জনের মৃত্যু হয়েছে। আমাদের প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর:
গোপালগঞ্জ :গোপালগঞ্জে পানিতে ডুবে এক শিশু ও এক গৃহবধূর মৃত্যু হয়েছে। রবিবার বিকালে কাশিয়ানী উপজেলার সিঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন: মিছ সিঙ্গা গ্রামের মিলন মন্ডলের ছেলে স্বপ্ন মন্ডল (১) ও আন্ধারকোঠা সিঙ্গা গ্রামের সুদৃষ্টি মৌলিকের স্ত্রী ইতি মৌলিক (৩২)। কাশিয়ানী উপজেলার রামদিয়া পুলিশ ফাঁড়ির পরিদর্শক আমিনুর রহমান জানান, স্বপ্ন মন্ডল খেলতে খেলতে বাড়ির পাশে পানিতে ডুবে মারা যায়। এছাড়া ইতি মৌলিক বাড়ির পাশে পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে মারা যান। গৃহবধূর মৃত্যুর ঘটনায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।
ডুমুরিয়া (খুলনা) : উপজেলায় আটলিয়া গ্রামে সোমবার পানিতে ডুবে ইউসুফ আজাদী (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সে ঐ গ্রামের ভ্যানচালক সাইফুল ইসলামের ছেলে। পরিবারে সদস্যদের অজান্তে শিশুটি বাড়ির সামনে থাকা পুকুরের পানিতে পড়ে মারা যায়।
দৌলতপুর (কুষ্টিয়া) : সোমবার উপজেলার রিফাইতপুর ইউপির নতুন ঝাউদিয়া গ্রামে বাড়ির পাশে ডোবায় ডুবে কাওসার (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সে নতুন ঝাউদিয়া গ্রামের রাজিব আলীর ছেলে।
মিরসরাই (চট্টগ্রাম) :মিরসরাইয়ে পানিতে ডুবে ফাতেমা (৫) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে উপজেলার পশ্চিম মায়ানী গ্রামের মকবুল আহম্মদ মেস্ত্রিরি বাড়িতে এ ঘটনা ঘটে। সে পশ্চিম মায়ানী গ্রামের মাফুর আলমের সন্তান।
