গোপালপুর (টাঙ্গাইল) সংবাদদাতা
চতুর্দিকে বানের পানিতে রাস্তাঘাট, খালবিল, নদী-মাঠ ডুবে গেছে। বাড়িঘরেও এক হাঁটু জল। ত্রাণের মতো এখন নৌকাও খুব জরুরি। এ বিষয়টি উপলব্ধি করে টাঙ্গাইল-০২ (গোপালপুর-ভূঞাপুর) আসনের এমপি ছোট মনির পানিবন্দি মানুষের মধ্যে নৌকা বিতরণ করছেন। এ পর্যন্ত দুই উপজেলায় ২২০টি নৌকা বিতরণ করা হয়। আরো ৩০০ নৌকা বানানো হচ্ছে। এমপি ছোট মনির জানান, করোনা ও বন্যায় ক্ষতিগ্রস্তদের মধ্যে ত্রাণ বিতরণকালে পানিবন্দি মানুষের দুর্দশা দেখতে পান। এজন্য ত্রাণের পাশাপাশি নৌকা বিতরণ করছেন।
আলমনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মোমেন জানান, পানিবন্দি মানুষের বাজারঘাট, চিকিত্সা বন্ধ। যোগাযোগের জন্য নৌকা খুবই দরকার। বয়ড়া গ্রামের আব্দুর রশীদ জানান, টানা ১০ দিন পানিবন্দি থাকার পর গত রবিবার গ্রামবাসী একখানা নৌকা পেয়েছেন। সেই নৌকায় আজ হাটে গিয়ে প্রয়োজনীয় জিনিস কিনেছেন।
