করোনার ভ্যাকসিনে বিনিয়োগ দ্বিগুণ করেছে যুক্তরাষ্ট্র

আপডেট : ২৭ জুলাই ২০২০, ২১:৩৮

মডার্নাকে দেওয়া হচ্ছে আরো

৪৭ কোটি ২০ লাখ ডলার

এএফপি ও রয়টার্স

করোনা ভাইরাসের ভ্যাকসিন তৈরি দ্রুততর করার লক্ষ্যে বিনিয়োগের পরিমাণ দ্বিগুণ বাড়িয়ে প্রায় ১০০ কোটি মার্কিন ডলার করেছে যুক্তরাষ্ট্র। বিনিয়োগ বৃদ্ধির অংশ হিসেবে মার্কিন বায়োটেক কোম্পানি মডার্নাকে আরো ৪৭ কোটি ২০ লাখ ডলার অর্থ সহায়তা দেওয়ার পরিকল্পনা করছে দেশটির সরকার। এর আগে মডার্নাকে আরো ৪৮ কোটি ৩০ লাখ মার্কিন ডলার বরাদ্দ দেওয়া হয়।

করোনা ভাইরাসের সম্ভাব্য ভ্যাকসিন তৈরির কাজে খরচের জন্য মার্কিন সরকারের পক্ষে বায়োমেডিক্যাল এডভান্সড রিসার্স অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি (বিএআরডিএ) মডার্নাকে এই অর্থ বরাদ্দ দিয়েছে। সব মিলিয়ে মডার্নাকে দেওয়া বিএআরডিএর বিনিয়োগের পরিমাণ দাঁড়িয়েছে ৯৫ কোটি ৫০ লাখ ডলার। এপ্রিলে বিএআরডিএর কাছ থেকে যখন মডার্না ৪৮ কোটি ৩০ লাখ ডলার সহায়তা পেয়েছিল,  তখন ভ্যাকসিনটির প্রথম পর্যায়ের ক্লিনিক্যাল ট্রায়াল চলছিল। এবার চূড়ান্ত পর্যায়ের ক্লিনিক্যাল ট্রায়ালের আগে আবারও কোম্পানিটি অর্থ সহায়তা পেল। মডার্না জানিয়েছে, এ অর্থ পরবর্তী ধাপের ক্লিনিক্যাল পরীক্ষার কাজে ব্যবহার করা হবে। রবিবার এক বিবৃতিতে সরকারের এই অতিরিক্ত বিনিয়োগের সিদ্ধান্তে সমর্থন জানিয়ে মডার্না বলেছে, এর ফলে ৩০ হাজার অংশগ্রহণকারীকে অন্তর্ভুক্ত করে ব্যাপক পরিসরে চূড়ান্ত ধাপের ক্লিনিক্যাল ট্রায়াল চালানো সম্ভব হবে। সোমবার থেকে ব্যাপকভাবে শুরু হওয়া ট্রায়ালে ৩০ হাজারের অর্ধেককে ভ্যাকসিনের ১০০ মাইক্রোগ্রাম করে ডোজ দেওয়ার কথা রয়েছে। এখন পর্যন্ত করোনা ভাইরাসের কোনো ভ্যাকসিন আবিষ্কার হয়নি। বিশ্বের বিভিন্ন কোম্পানি ও প্রতিষ্ঠান টিকা আবিষ্কারের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তালিকায় এ ধরনের ৭৬টি প্রতিষ্ঠান রয়েছে। এর মধ্যে এগিয়ে রয়েছে অক্সফোর্ড ও মডার্না। সিনথেটিক ম্যাসেঞ্জার আরএনএ ব্যবহার করে তৈরি করা হয়েছে মডার্নার ভ্যাকসিন। মানুষের শরীরের প্রতিরোধ ব্যবস্থাকে জাগিয়ে দিয়ে অ্যান্টিবডি তৈরি করাই এর লক্ষ্য। এই ভ্যাকসিন তৈরিতে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইনস্টিটিউট অব হেলথের সঙ্গে যৌথভাবে কাজ করছে ওষুধ কোম্পানিটি।