করোনা ভাইরাস কোভিড-১৯কে ‘অপদেবতা’ আখ্যা দিয়ে এর হাত থেকে মানব জাতিকে ‘রক্ষা করতে’ গণ-উপাসনার ডাক দিয়েছে আসামের বেশ কিছু ধর্মীয় সংগঠন। কলকাতাভিত্তিক আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদন থেকে জানা গেছে, ভারতীয় সময় ৩০ জুলাই সন্ধ্যা ৬টা ৪৫ মিনিট থেকে আসাম জুড়ে ‘সত্র মহাসভা’ ও ১৬টি ধর্মীয় সংগঠনের তত্ত্বাবধানে গণ-উপাসনা পরিচালিত হবে।
আয়োজকদের দাবি, সমুদ্রমন্থনে ওঠা বিষ নিজের কণ্ঠে ধারণ করে যন্ত্রণায় ছটফট করছিলেন নীলকণ্ঠ মহাদেব। শেষ পর্যন্ত শ্রাবণ মাসের একাদশীতে ভগবান বিষ্ণু মহাদেবের কণ্ঠ স্পর্শ করে যন্ত্রণার উপশম ঘটান। অমৃতস্পর্শে গরলযন্ত্রণা নির্মূল হওয়ার সেই তিথিতেই করোনা নির্মূলের উদ্দেশ্যে আসামের ঘরে ঘরে, মন্দিরে, নামঘরে জ্বালানো হবে প্রদীপ। বাজবে শঙ্খ ও ঘণ্টা, উঠবে উলুধ্বনি। পুজো চলবে ১৫ মিনিট। সত্র মহাসভার সভাপতি জ্যোতির্ময় প্রধানী বলছেন, ‘ওষুধ ও প্রতিষেধক বের করতে বিজ্ঞানীরা তাদের মতো করে গবেষণা চালাচ্ছেন। এই মারণজীবাণু থেকে মুক্তি পেতে রাজ্যবাসী প্রার্থনা করলে ক্ষতি কী? করোনার সংক্রমণ থেকে রক্ষা পেতে উপাসনা অবশ্য এই প্রথম নয়। নাগাল্যান্ড ও মিজোরামে করোনামুক্তির কামনায় রাজ্য জুড়ে গির্জায় গির্জায় প্রার্থনা হয়েছে এর আগে।
