দুর্দান্ত পারফরম্যান্সের ধারাবাহিকতায় কদিন আগে টেস্ট অলরাউন্ডারদের র্যাংকিংয়ের শীর্ষে উঠে এসেছেন ইংল্যান্ডের বেন স্টোকস। অর্জন করেছেন গত এক যুগের মধ্যে সর্বোচ্চ রেটিং পয়েন্ট। গত বছর ইংল্যান্ডের বিশ্বকাপ জয়ে তার ছিল বড় অবদান। অ্যাশেজেও পারফরম্যান্স ছিল তার বীরোচিত। সব মিলিয়ে স্টোকসের মতো কেউ আপাতত নেই, স্টার স্পোর্টসের একটি শোতে তেমনটাই বলেছেন সাবেক ভারতীয় ক্রিকেটার গৌতম গম্ভীর। তিনি বলেন, ‘বেন স্টোকসের সঙ্গে তুলনা করার মতো কেউ এই মুহূর্তে ভারতে নেই। একদমই নেই। স্টোকস যে উচ্চতায়, সেখানে কেবল সে একাই আছে। টেস্ট ক্রিকেটে সে যা করেছে, ওয়ানডে ও টি-টোয়েন্টিতেও শুধু ভারতে কেন এই মুহূর্তে বিশ্বক্রিকেটেই স্টোকসের ধারে-কাছে কেউ আছে বলে আমার মনে হয় না।’
