চেলসি-ইউনাটেডের ‘চ্যালেঞ্জ ভাবনা’

আপডেট : ২৭ জুলাই ২০২০, ২১:৪৬

স্পোর্টস ডেস্ক

শিরোপার নিষ্পত্তি হয়ে গেলেও প্রিমিয়ার লিগের শেষ দিনে অপেক্ষা ছিল শেষ দুই দল হিসেবে চ্যাম্পিয়ন্স লিগে খেলবে কারা, সে প্রশ্নের উত্তরের। নিজ নিজ ম্যাচে ম্যানচেস্টার ইউনাইটেড আর চেলসি ২-০ ব্যবধানে যথাক্রমে লেস্টার সিটি আর উলভারহ্যাম্পটনকে হারিয়ে জায়গা করে নিয়েছে ইউরোপসেরার প্রতিযোগিতায়। এরপর ম্যানইউ কোচ ওলে গুনার সোলসার আর চেলসি কোচ ফ্রাঙ্ক ল্যাম্পার্ড দুই জনেই ভাবছেন আসছে মৌসুমে ভিন্ন ‘চ্যালেঞ্জ’ নিয়ে।

চলতি মৌসুমের একটা বড় সময় ইউনাইটেড ছিল শীর্ষ ছয়েরই বাইরে। নবম ম্যাচ দিবসে লিভারপুলের সঙ্গে ড্র করার পরে তো চলে গিয়েছিল ১৪তম অবস্থানেই। সে ইউনাইটেড শেষ ১৪ ম্যাচে অপরাজিত থেকে তবেই শীর্ষ চার নিশ্চিত করেছে। শেষ ম্যাচে অনেকটা নকআউট ম্যাচে টেবিলের পাঁচে থাকা লেস্টারকে হারায় ২-০ ব্যবধানে। যাতেই শীর্ষ চার নিয়ে সন্দেহ দূর হয় দলটির।

এরপর কোচ সোলসার উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, ‘এটা হয়তোবা আপনারা কল্পনাও করেননি! আমাদের নিয়ে সবার ভবিষ্যদ্বাণী ছিল ছয়-সাত!’ তবে শিগিগরই সামলে নিয়ে জানালেন আসছে মৌসুমের চ্যালেঞ্জ নিয়ে ভাবনাটা, ‘ইউরোপার জায়গায় চ্যাম্পিয়ন্স লিগ ভিন্নতা নিয়েই আসবে। কারণ লিগের অবস্থান নিয়ে ভাবনা থাকবে, আবার ইউরোপার মতো খেলোয়াড়দেরকে বিশ্রামও দেওয়া চলবে না আমাদের!’

শেষ দিনে উলভারহ্যাম্পটনকে ম্যাসন মাউন্ট আর অলিভিয়ের জিরুর গোলে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগ উত্তরণ নিশ্চিত করে চেলসি। প্রতিক্রিয়ায় কোচ ল্যাম্পার্ড বলেন, ‘চ্যাম্পিয়ন্স লিগে উত্তরণ আমার জন্যে দারুণ কিন্তু চেলসিতে শীর্ষ চারে থেকে মৌসুম শেষ করা নিয়ে রোমাঞ্চিত হওয়া চলবে না! মৌসুমের শুরুতে এখানে থাকব এটা কেউ হয়তো ভাবেনি। এ মৌসুমে নতুনদের সুযোগ দেওয়া আর পুরোনোদের উন্নতি করার সুযোগটা আমরা কাজে লাগিয়েছি।’

একনজরে প্রিমিয়ার লিগ

২০১৯-২০

n শিরোপাজয়ী           :               লিভারপুল

চ্যাম্পিয়ন্স লিগে          :       লিভারপুল, ম্যানচেস্টার সিটি, ম্যানচেস্টার ইউনাইটেড,                   চেলসি

ইউরোপা লিগে           :       লেস্টার সিটি, টটেনহাম হটস্পার

অবনমন                    :       বোর্নমাউথ, ওয়াটফোর্ড, নরউইচ সিটি

সেরা গোলদাতা          :       জেইমি ভার্ডি (২৩ গোল)

সেরা গোলরক্ষক         :       এডারসন

সেরা প্লেমেকার           :       কেভিন ডি ব্রুইন (২০টি জোগান)