বিএনপি সব সময় চায় ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতায় যেতে

আপডেট : ২৭ জুলাই ২০২০, ২১:৫৭

শিবচরে চিফ হুইপ

শিবচর (মাদারীপুর) সংবাদদাতা

জাতীয় সংসদের চিফ হুইপ ও আওয়ামী লীগ পার্লামেন্টারি পার্টির সেক্রেটারি নূর-ই-আলম চৌধুরী এমপি বলেছেন, ‘বিএনপি সব সময় চায় ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতায় যেতে। গত মার্চ মাস থেকে আমরা করোনা, বন্যা ও নদীভাঙন মোকাবিলা করছি। মানুষের পাশে দাঁড়িয়েছি। এই পাঁচ মাসে আওয়ামী লীগ ছাড়া অন্য দলের নেতাকর্মী কি আপনাদের পাশে দেখেছেন কখনো? বিএনপি নেত্রী খালেদা জিয়া জেলে থাকলে বলতে পারতেন যে তিনি কী করে করোনা, বন্যা ও নদীভাঙনে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে যাবেন। কিন্তু এখন তো তিনি জেলে নেই, নিজের বাসায় আছেন। একবারের জন্যও তিনি ঘর থেকে বের হননি। তাই আপনাদের মনে রাখতে হবে, যে নেত্রী আপনাদের উপকার করবে, বিপদে আপনাদের পাশে থাকবে, তার পাশে অর্থাত্ জননেত্রী শেখ হাসিনার পাশে আপনাদেরও থাকতে হবে।’

সোমবার সকালে শিবচর উপজেলার চরজানাজাত ইউনিয়নে বন্যা ও নদীভাঙন কবলিতদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন। এদিন চিফ হুইপ মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, মুজিব বাহিনীর কোষাধ্যক্ষ সাবেক সংসদ সদস্য মরহুম ইলিয়াস আহমেদ চৌধুরীর (দাদা ভাই) কবর জিয়ারত করেন। এছাড়া তিনি শিবচর উপজেলার সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মরহুম মো. সামসুদ্দিন খান ও চরজানাজাত ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. জাহাঙ্গীর খানের কবর জিয়ারত করেন। এ সময় ফরিদপুর-৪ (ভাঙ্গা-সদরপুর-চরভদ্রাসন) আসনের দুইবারের সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী নিক্সন, মাদারীপুরের নবাগত জেলা প্রশাসক ড. রহিমা খাতুন, জেলা আওয়ামী লীগ সভাপতি শাহাবুদ্দিন আহমেদ মোল্লা প্রমুখ উপস্থিত ছিলেন। এদিন চিফ হুইপ চরজানাজাত, বন্দরখোলা, কাঁঠালবাড়ী ও মাদবরচর ইউনিয়নের ৫ হাজার পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেন।