র্যাবের ভ্রাম্যমাণ আদালতের অভিযান
ইত্তেফাক রিপোর্ট
সাভারে নকল পণ্য তৈরি করে বাজারে বিক্রি ও স্বাস্থ্যবিধি না মেনে ওষুধ তৈরির অভিযোগে দুটি কারখানায় অভিযান পরিচালনা করেছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত। গতকাল সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত সাভারের বনগাঁও ইউনিয়নের গান্ধারিয়া ও সাধাপুর পুরানবাড়ি এলাকায় অভিযান পরিচালনা করেন র্যাব-৪-এর ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান। র্যাব-৪ জানায়, বনগাঁও ইউনিয়নের গান্ধারিয়া এলাকায় ইয়ামিন কেমিক্যাল কারখানার মালিক জিয়াউর রহমান দীর্ঘ দিন ধরে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে হেক্সিসলসহ বেশ কয়েকটি পণ্য নকলভাবে তৈরি করে বাজারে বিক্রি করে মানুষের সঙ্গে প্রতারণা করে আসছিলেন। গতকাল সকালে ঐ কারখানায় অভিযান চালিয়ে নকল পণ্য তৈরি করার অভিযোগে কারখানাটির মালিক জিয়াউর রহমানকে ২ লাখ টাকা জরিমানা ও অনাদায়ে তিন মাসের কারাদণ্ড দেন র্যাবের ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট।
এরপর একই ইউনিয়নের সাধাপুর পুরানবাড়ি এলাকায় অস্বাস্থ্যকর নোংরা পরিবেশে স্বাস্থ্যবিধি না মেনে ওষুধ তৈরি করার অভিযোগে ইউনিয়ন ফার্মাসিউটিক্যাল লিমিটেড কারখানার ম্যানেজার নুরুন্নবীকে ১ লাখ টাকা জরিমানা ও অনাদায়ে তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়। একই সঙ্গে বেআইনি কাজ থেকে বিরত থাকতে কারখানা দুটিকে সর্তক করে দেওয়া হয়েছে। অভিযানকালে র্যাব-৪-এর সিনিয়র এএসপি উনু মং উপস্থিত ছিলেন।
