চাঁদাবাজির মামলায় কারাগারে বঙ্গলীগের শওকত

আপডেট : ২৭ জুলাই ২০২০, ২২:২৩

ইত্তেফাক রিপোর্ট

বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউআইটিএসের (ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস) উপাচার্যকে প্রাণনাশের হুমকি দিয়ে প্রায় ৬০ কোটি টাকা চাঁদা দাবির মামলায় বাংলাদেশ জাতীয় বঙ্গলীগের প্রতিষ্ঠাতা ও প্রেসিডেন্ট দাবি করা শওকত হাসান মিয়াকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

গতকাল সোমবার ঢাকা মহানগর হাকিম বাকী বিল্লাহ এ আদেশ দিয়েছেন। এর আগে ৬০ কোটি টাকা চাঁদা দাবির ঘটনায় গত ২ জানুয়ারি ভাটারা থানায় শওকতকে প্রধান আসামি করে একটি মামলা করেন ইউআইটিএসের উপাচার্যের ব্যক্তিগত সহকারী মোস্তফা কামাল। এ মামলায় গত ৮ ফেব্রুয়ারি উচ্চ আদালত থেকে আগাম জামিন নিয়েই পলাতক হয়ে যান শওকত হাসান মিয়া। 

চাঁদাবাজির ঐ মামলায় উচ্চ আদালত তাকে ছয় সপ্তাহের জামিন দেন। যার মেয়াদ শেষ হয়েছে গত ১৮ ফেব্রুয়ারি। এরপর গতকাল ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন শওকত হাসান মিয়া। জামিন শুনানিতে শওকতের পক্ষে ছিলেন ঢাকা জেলা আইনজীবী সমিতির সভাপতি ইকবাল হোসেন।

অন্যদিকে ইউআইটিএসের পক্ষে দাঁড়িয়ে আসামি শওকতের জামিনের বিরোধিতা করেন অ্যাডভোকেট আব্দুল মান্নান ভুঁইয়া। শুনানি শেষে আদালত শওকতকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এরপর তাকে কারাগারে নিয়ে যায় পুলিশ।