ইত্তেফাক রিপোর্ট
নিয়মিত কোর্ট চালুর দাবি জানিয়ে আবারও প্রধান বিচারপতিকে চিঠি দিয়েছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি। এতে বলা হয়েছে—নিয়মিত আদালত চালুর বিষয়ে আইনজীবী সমিতির পক্ষ থেকে সুনির্দিষ্ট অভিমত জানানো হলেও এ বিষয়ে সুপ্রিম কোর্ট অদ্যাবধি কোনো পদক্ষেপ গ্রহণ করেছেন কি না—সে বিষয়ে আমরা অবগত নই। নিয়মিত আদালত চালুর পূর্ব প্রস্তুতি গ্রহণের বিষয়ে যেসব প্রস্তাবনা দিয়েছিলাম, তা বিবেচনাযোগ্য কি না—তাও আমরা জানতে পারিনি।
এছাড়া অস্থায়ীভিত্তিতে চালু থাকা ভার্চুয়াল আদালতে সময়ের সীমাবদ্ধতা, মামলা দায়ের, লিস্টে আনা এবং আদেশ প্রেরণের ক্ষেত্রে আইনজীবীরা যেসব প্রক্রিয়াগত সমস্যার সম্মুখীন হচ্ছেন তার কোনো দৃশ্যমান সমাধান আমরা পাইনি। তাই আইনজীবী সমিতির কার্যকরী কমিটির প্রস্তাবনার আলোকে অনতিবিলম্বে নিয়মিত আদালত চালুর বিষয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে আপনি উদ্যোগ নেবেন এটাই প্রত্যাশা।
গতকাল সোমবার সমিতির কার্যনির্বাহী কমিটির পক্ষে সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল এ চিঠি দেন। প্রসঙ্গত গত ৮ জুলাই কার্যনির্বাহী কমিটির সিদ্ধান্ত মোতাবেক নিয়মিত কোর্ট খুলে দিতে প্রধান বিচারপতিকে অনুরোধ জানিয়ে প্রথমবারের মতো চিঠি দিয়েছিল সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি; কিন্তু ঐ চিঠির ভিত্তিতে কোনো সিদ্ধান্ত না পেয়ে আবারও চিঠি দিয়েছে আইনজীবী সমিতি।
