বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের সর্বপ্রথম প্রকাশিত সংবাদপত্র দৈনিক জাহান প্রকাশক ও সম্পাদক অধ্যাপিকা রেবেকা ইয়াসমিন (৬৫) করোনায় আক্রান্ত হয়ে গতকাল সোমবার দুপুরে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ... রাজিউন)। তিনি এক পুত্র ও ২ কন্যা রেখে গেছেন। রাতে মোহনগঞ্জ পৌর শহরের দৌলতপুরে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। রেবেকা ইয়াসমিন নেত্রকোনার মোহনগঞ্জ আল মবিন রোডস্থ চিকিত্সক মরহুম ডা. বদর উদ্দিন আহমেদের কন্যা। পারিবারিক সূত্র জানায়, অধ্যাপিকা রেবেকা ইয়াসমিনের স্ট্রোক হলে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন ছিলেন। গত ১৮ জুলাই তার করোনা ভাইরাস পজিটিভ রিপোর্ট আসে। এরপর থেকে সংকটাপন্ন ছিলেন তিনি।
রেবেকা ইয়াসমিন নেত্রকোনা থেকে প্রকাশিত দৈনিক বাংলার দর্পণ পত্রিকারও প্রকাশক। এছাড়া ময়মনসিংহ সংবাদপত্র শিল্প মালিক সমিতির সভাপতি, ময়মনসিংহ ডায়াবেটিক সমিতির সহসভাপতি, ময়মনসিংহ প্রেসক্লাবের সাবেক সহসভাপতিসহ বিভিন্ন সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন।
রেবেকা ইয়াসমিনের মৃত্যুতে শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক সিনিয়র সচিব ও বাংলাদেশ বিমানের চেয়ারম্যান সাজ্জাদুল হাসান, ময়মনসিংহ সিটি মেয়র ইকরামুল হক টিটু, ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মো. কামরুল হাসান, জেলা নাগরিক আন্দোলনের সভাপতি অ্যাডভোকেট আনিসুর রহমান খান, বাংলাদেশ ফেডারেল ইউনিয়ন অব জার্নালিস্ট (বিএফইউজে) সভাপতি মোল্লা জালাল ও সাধারণ সম্পাদক শাবান মাহমুদ, ময়মনসিংহ সংবাদপত্র শিল্প মালিক সমিতির সাধারণ সম্পাদক আ ন ম ফারুক প্রমুখ।
