পিরোজপুর অফিস
আজ মঙ্গলবার প্রখ্যাত মুক্তিযোদ্ধা, মুক্তিযুদ্ধে নবম সেক্টরের সুন্দরবন সাব সেক্টর কমান্ডার মেজর (অব) জিয়াউদ্দিন আহমেদের তৃতীয় মৃত্যুবার্ষিকী। তিন বছর আগে ২০১৭ সালের ২৮ জুলাই মুক্তিযুদ্ধে কিংবদন্তি সেনা নায়ক সিঙ্গাপুরের জেনারেল হাসপাতালে ৬৮ বছর বয়সে ইন্তেকাল করেন। মরহুমের মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে তার জন্মভূমি পিরোজপুরে নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এ ছাড়া ঢাকাসহ দক্ষিণাঞ্চলে এ দিবসে বিভিন্ন কর্মসূচি পালিত হবে। মরহুমের প্রতিষ্ঠিত আফতাব উদ্দিন কলেজের উদ্যোগে গৃহীত কর্মসূচির মধ্যে রয়েছে সকাল ১০টায় কলেজ প্রাঙ্গণে মরহুমের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, পারিবারিক জামে মসজিদে কোরআন খতম ও সকাল সাড়ে ১০টায় দোয়া ও মোনাজাত , আসরবাদ কেন্দ্রীয় বড় মসজিদে দোয়া ও মোনাজাত এবং সন্ধ্যায় মন্দিরে বিশেষ প্রার্থনা। এছাড়া রাজধানী ও দক্ষিণাঞ্চলে বিভিন্ন সংগঠন মেজর জিয়ার মৃত্যুবার্ষিকীতে বিভিন্ন কর্মসূচি পালন করবে।
