স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এমপি বলেছেন, স্বাস্থ্য খাতে বাইরের প্রভাব ও হস্তক্ষেপ বেশি। এটা কমানো গেলে আমরা আরো স্বাধীনভাবে কাজ করতে পারব। গতকাল সোমবার সচিবালয়ে স্বাস্থ্যসেবা বিভাগের সঙ্গে অধীনস্থ দপ্তর ও সংস্থার বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) শেষে বক্তৃতায় তিনি আরো বলেন, আমরা যারা বিভিন্ন পর্যায়ে কাজ করি, তাদেরও আমি বলব হস্তক্ষেপটা কম করি।
এদিকে গতকাল রাতে এ প্রসঙ্গে স্বাস্থ্যমন্ত্রী ইত্তেফাককে বলেন, বিদেশি দাতা সংস্থাগুলো বিভিন্নভাবে তদ্বির করে। এছাড়া দেশের সামাজিক ও রাজনৈতিক তদ্বির ও চাপ রয়েছে। তাদের অযাচিত হস্তক্ষেপের কারণে ভালো লোকগুলোকে সঠিক জায়গায় বসানো সম্ভব হয় না।
সচিবালয়ে স্বাস্থ্যমন্ত্রী আরো বলেন, যেখানে আমরা অন্যায় দেখছি, সেখানে আমরা ছাড় দিচ্ছি না। এটা আপনারাও দেখছেন। দুটি প্রতিষ্ঠান অন্যায় করেছে, তাদের আইনের আওতায় আনা হয়েছে। যেখানে এটা দেখা দেবে, সেখানেই আইনের আওতায় আনা হবে। তিনি বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আমাদের নজরে এসেছিল। আমরা সেখানেও পদক্ষেপ গ্রহণ করার জন্য বলেছি। স্বাস্থ্যমন্ত্রী বলেন, যেখানে যে অন্যায় দেখা যাবে, আমরা চেষ্টা করব। তবে এটা একবারে ফেরানো যায় না, গোটা সমাজের দায়িত্ব আছে। সমস্যা এক জায়গায় না, সমস্যা সব জায়গায় রয়েছে। সব জায়গায় শুদ্ধ হওয়া দরকার।
