গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ ও সশস্ত্র সালাম প্রদান করে শ্রদ্ধা নিবেদন করেছেন বাংলাদেশ নৌবাহিনীর নবনিযুক্ত প্রধান ভাইস অ্যাডমিরাল মোহাম্মদ শাহীন ইকবাল।
গতকাল সোমবার সকাল ১০টায় তিনি জাতির পিতার সমাধি সৌধের বেদিতে ফুল দিয়ে গভীর শ্রদ্ধা নিবেদন করেন। এরপর বঙ্গবন্ধুসহ ১৫ আগস্ট শহিদদের রূহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করেন।
এ সময় খুলনা নেভাল এরিয়া কমান্ডার রিয়ার অ্যাডমিরাল এম মূসা, টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আবুল বাশার খায়ের, সাধারণ সম্পাদক বাবুল শেখ, উপজেলা চেয়ারম্যান সোলায়মান বিশ্বাস, পৌর মেয়র শেখ আহম্মেদ হোসেন মির্জা, ইউএনও নাকিব হাসান তরফদারসহ বাংলাদেশ নৌবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। পরে বাংলাদেশ নৌবাহিনী পরিবার কল্যাণ সংঘের প্রেসিডেন্ট মনিরা বেগম পৃথকভাবে জাতির পিতার সমাধি সৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান।
