চট্টগ্রামে এসআই হেলালের বিরুদ্ধে মামলা

আপডেট : ২৭ জুলাই ২০২০, ২২:৪৬

নগরীর আগ্রাবাদ বাদামতলী এলাকায় পুলিশের সঙ্গে হাতাহাতির ঘটনার পর বাসায় তরুণের রহস্যজনক মৃত্যুর ঘটনায় অভিযুক্ত ডবলমুরিং থানার উপ-পরিদর্শক (এসআই) হেলাল খানের (বরখাস্ত) বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করা হয়েছে। আদালত মামলাটি আমলে নিয়ে নগর গোয়েন্দা পুলিশকে তদন্তের নির্দেশ দিয়েছেন। গতকাল সোমবার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শফি উদ্দিনের আদালতে এ মামলার শুনানি হয়। শুনানি শেষে আদালত মামলা আমলে নিয়ে এ আদেশ দেন।

নিহতের মা রুবিনা আক্তার বাদী হয়ে এসআই হেলাল খান ও তার সোর্সের বিরুদ্ধে নারী নির্যাতন ও পুলিশ হেফাজতে মৃত্যুর অভিযোগে মামলা করেন।

আদালত সূত্র জানায়, মারুফের মৃত্যুর ঘটনা ও তার মা এবং বোনকে নির্যাতন করার অভিযোগে এসআই হেলালের বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে। আদালত মামলাটি আমলে নিয়ে ডিসি ডিবিকে তদন্তের নির্দেশ দিয়েছেন। মামলায় সোর্সদেরও আসামি করা হয়েছিল। কিন্তু তাদের পূর্ণাঙ্গ ঠিকানা না থাকায় আদালত তাদের বাদ দিয়ে শুধু এসআই হেলালের বিরুদ্ধে অভিযোগ আমলে নেন।