গোবিন্দগঞ্জ উপজেলায় রবিবার মধ্যরাতে প্রেমিকের সঙ্গে পালানোর সময় দশম শ্রেণি পড়ুয়া এক স্কুলছাত্রী গণধর্ষণের শিকার হয়েছে। পরে সোমবার ভোর রাতে পাঁচ ধর্ষককে গ্রেফতার করেছে পুলিশ। এছাড়া এই ঘটনায় দায়েরকৃত মামলায় প্রেমিক শিমুল ইসলামকেও (২১) গ্রেফতার করে জেল হাজতে পাঠানো হয়েছে।
গ্রেফতারকৃতরা হলো—গোবিন্দগঞ্জ উপজেলার রাখাল বুরুজ ইউনিয়নের কাজীপাড়া নাওভাংগা গ্রামের মৃত নীল মাহমুদের ছেলে এনামুল হক (৩০), একই গ্রামের আজিম উদ্দিনের ছেলে মো. রেজাউল ইসলাম (৩২), মো. ভোলা মিয়ার ছেলে ধলু মিয়া (২৭), এজদুরের ছেলে সুমন মিয়া (২৩) ও কাজী শাহারুলের ছেলে সাদ্দাম ওরফে সুজন কাজী (২৮)।
গ্রেফতারকৃত প্রেমিক একই উপজেলার শিবপুর ইউনিয়নের গাছবাড়ী গ্রামের শফিকুল ইসলামের ছেলে। গোবিন্দগঞ্জ থানার এসআই মো. মামুনুর রশীদ বলেন, রবিবার মধ্যরাতে ঐ স্কুলছাত্রী (১৫) বিয়ে করার উদ্দেশে প্রেমিক শিমুল ইসলামের সঙ্গে পালাচ্ছিল। রাত সাড়ে ১২টার দিকে নাওভাংগা গ্রামে পৌঁছালে এই পাঁচ ধর্ষক তাদের পথরোধ করে। এক পর্যায়ে তারা শিমুল ও তার প্রেমিকাকে ধলুর বাড়িতে নিয়ে যায়। সেখানে রাত একটা থেকে দুইটা পর্যন্ত তারা পাঁচ জন পালাক্রমে ঐ স্কুলছাত্রীকে ধর্ষণ করে।
