প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা করোনার এই দুঃসময়ে অসহায় ও বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়ানোর জন্য দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, এই দুঃসময়ে যেভাবে অসহায় মানুষের পাশে সবাই দাঁড়িয়েছেন, সেভাবেই মানুষের সেবা করে যাবেন এটাই আমি চাই। আর সবাই দোয়া করুন, দ্রুতই যেন দেশের মানুষসহ গোটা বিশ্ব এই করোনার হাত থেকে মুক্তি পায়। আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে গতকাল সোমবার বঙ্গবন্ধু অ্যাভিনিউতে সংগঠনটির কেন্দ্রীয় কার্যালয়ে স্বাস্থ্যবিধি মেনে আয়োজিত সংক্ষিপ্ত আলোচনা সভায় ভিডিও কলে সংযুক্ত হয়ে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। আলোচনায় উপস্থিত কেন্দ্রীয় দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়ার মুঠোফোনে ভিডিও কল করে প্রধানমন্ত্রী সংগঠনটির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে সব নেতাকর্মীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
প্রধানমন্ত্রী বলেন, ‘বঙ্গবন্ধুর আদর্শে নিজেদের গড়ে তুলতে হবে। আমরা জাতির পিতার স্বপ্নের বাংলাদেশ গড়ে তুলতে চাই। ইনশাআল্লাহ আমরা তা গড়তে পারব, সেই বিশ্বাস আমার আছে। প্রধানমন্ত্রী তার বক্তব্যের শুরুতে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণকারী সবার বিদেহী আত্মার মাগফিরাত ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। একই সময়ে তার পুত্র প্রযুক্তিবিদ সজীব ওয়াজেদ জয়ের জন্মদিনে তার জন্য দোয়া ও শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, স্বেচ্ছাসেবক লীগ প্রতিষ্ঠার পর থেকে আওয়ামী লীগের বিভিন্ন কাজে ও দেশের জনগণের জন্য কাজ করে যাচ্ছে।
সংগঠনটির নেতাকর্মীদের নির্দেশ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘সবার কাছে আমার নির্দেশ এই যে, মানুষের দুঃসময়ে যেভাবে আপনারা পাশে দাঁড়িয়েছেন, সেভাবেই মানুষের সেবা করে যাবেন এটাই আমি চাই। আর সবাই দোয়া করুন, দ্রুতই যেন দেশের মানুষসহ গোটা বিশ্ব এই করোনার হাত থেকে মুক্তি পায়।’
এর আগে স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রঞ্জন গুহের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবুর সঞ্চালনায় সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম, বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া। অনুষ্ঠান শেষে বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন
এর আগে সকালে সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছে আওয়ামী লীগের সহযোগী সংগঠন স্বেচ্ছাসেবক লীগ।
