চীনের চেংডুর মার্কিন কনস্যুলেট বন্ধ করে দেওয়া হয়েছে। গতকালই সেখান থেকে মার্কিন কূটনীতিক ও কর্মকর্তারা চলে গেলে কনস্যুলেটের দখল নিয়ে নেয় বেইজিং। এর আগে হিউস্টনে চীনা কনস্যুলেটও একইভাবে দখলে নিয়েছিল যুক্তরাষ্ট্র। খবর রয়টার্স ও ডয়চেভেলের
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সোমবার সকালে কনস্যুলেটের বাইরে লরি দাঁড়িয়ে থাকতে দেখা যায়। কনস্যুলেটের কর্মীরা তাতে বাক্স, ফাইল এবং আবর্জনাভর্তি বাক্স তুলে দেন। এরপর একটি বাসে করে তারাও চলে যান। গোটা এলাকা পুলিশ ঘিরে রেখেছিল। পথচারীদের সেখানে দাঁড়াতেও দেওয়া হয়নি। এরই মধ্যে কনস্যুলেটের বাইরে চীনের পতাকা ওড়াতে থাকেন কেউ কেউ। অনেকে সেলফিও তোলেন। মার্কিন পতাকাও নামিয়ে ফেলা হয়েছে বলে মার্কিন মিডিয়া সিএনএন জানিয়েছে। কনস্যুলেটের ভেতরেও চীনা নিরাপত্তা বাহিনী প্রবেশ করে।
বিশেষজ্ঞরা জানান, চেংডুর মার্কিন কনস্যুলেট গুরুত্বপূর্ণ দপ্তর ছিল। তিব্বতের সঙ্গে যোগাযোগ রাখত এই কনস্যুলেট। পাশাপাশি গোটা দক্ষিণ-পশ্চিম চীনের সঙ্গে সংযোগরক্ষাকারী দপ্তর ছিল এটি। এরপর চীনে আর মাত্র চারটি কনস্যুলেট থাকল যুক্তরাষ্ট্রের। আর বেইজিংয়ে রয়েছে মার্কিন দূতাবাস। গত সপ্তাহেই হিউস্টনে কনস্যুলেট থেকে চীন গুপ্তচরবৃত্তি করছে এই অভিযোগে বন্ধ করে দেওয়া হয়।
