বসুন্ধরা এবং জাতীয় দল সমন্বয় করেই অনুশীলন

আপডেট : ২৮ জুলাই ২০২০, ২০:৫২

সোহেল সারোয়ার চঞ্চল

কাতার ফিফা ২০২২ বিশ্বকাপ ও ২০২৩ এশিয়ান কাপ ফুটবল এবং বসুন্ধরা কিংসের এএফসির খেলার যে সূচি ঘোষণা করা হয়েছে তা নিয়ে একটা দুশ্চিন্তা কাজ করছে। কারণ ইংলিশ কোচ জেমি ডে যে ৩৬ ফুটবলারের নাম ঘোষণা করেছেন সেখানে ১৪ জন ফুটবলার বসুন্ধরা কিংসের।

এই ১৪ জাতীয় দলের চূড়ান্ত তালিকায় থাকবেন সেটা প্রায় নিশ্চিত। এক-দুই জন বাদ যাবেন সেটা অনুমান করা যায়। বাদবাকি যারা আছেন কম-বেশি তারাই জাতীয় দলের মূল শক্তি। আগস্টে জাতীয় দলের অনুশীলন শুরু হবে। আর বসুন্ধরা কিংসের অনুশীলন শুরু হওয়ার কথা রয়েছে সেপ্টেম্বরে। জাতীয় দলের খেলোয়াড়রা কোথায় অনুশীলন করবেন। এমন একটা প্রশ্ন উঠছে। জাতীয় দলের জন্য গুরুত্বপূর্ণ ম্যাচ।

অন্য দিকে এএফসি কাপে বসুন্ধরার জন্যও গুরুত্বপূর্ণ ম্যাচ। বাফুফে এবং বসুন্ধরার মধ্যে কথা হয়েছে। যদিও ম্যাচের ৭২ ঘণ্টা আগে বসুন্ধরা খেলোয়াড় ছাড়তে চায় না। তার পরও বসুন্ধরা মনে করছে কোনো সমস্যা হবে না। বসুন্ধরা মনে করছে ফিকশ্চার ঘোষণা করা হয়ে গেছে। এখন দুই পক্ষকে সমন্বয় করে খেলতে হবে।

এএফসি কাপে বসুন্ধরা কিংসের আগে জাতীয় ফুটবল দলের দুই ম্যাচ রয়েছে। প্রথম ম্যাচ ৮ অক্টোবর আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশে। দ্বিতীয় ম্যাচ ১৩ অক্টোবর কাতারের বিপক্ষে, খেলা হবে দোহায়। এই দুটি ম্যাচই এখন বাংলাদেশের প্রধান টার্গেট। আর এএফসি কাপে বসুন্ধরার সব ম্যাচ মালদ্বীপের রাজধানী মালেতে। খেলা শুরু হবে ২৩ অক্টোবর। বসুন্ধরা কিংসকে হয়তো এক সপ্তাহ আগে মালদ্বীপ যেতে হতে পারে। সেখানে গিয়ে আইসোলেশনে থাকতে হবে। তারপর সেখানে মানিয়ে নিতে হবে অনুশীলন পর্ব।

৮ অক্টোবর আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ খেলেই বাংলাদেশ ফুটবল দল কাতার রওনা হবে ১৩ অক্টোবরের ম্যাচের জন্য। সেখান থেকে বসুন্ধরার ফুটবলারদের হয় ঢাকায় ফিরে আসতে হবে, না হয় মালদ্বীপ রওনা হতে হবে। এটা চূড়ান্ত হয়নি। প্রক্রিয়াধীন। বাফুফে বলছে তারা ট্যুর প্ল্যান করছে। বসুন্ধরা দেখছে বাফুফে কীভাবে কি করছে।

এখন কথা হচ্ছে বসুন্ধরার ফুটবলাররা যদি জাতীয় দলের ক্যাম্পে জেমি ডের হাতে থাকেন তাহলে জেমি তার কৌশলে অনুশীলন করাবেন। সেই কৌশলটা বসুন্ধরার স্প্যানিশ কোচ অস্কার ব্রুজন মানবেন কি না। মানতে রাজি না। জানা গেছে, এটা নিয়েই ব্রুজনের দ্বিমত আছে। জানা গেছে, জেমি এবং অস্কারের মধ্যে কথা হয়েছে। অস্কার সমস্যাগুলো তুলে ধরেছেন।

জেমিও আমলে নিয়ে অভয় দিয়ে জানিয়েছেন যেভাবে সুবিধা সেভাবে কাজ করবেন। দুই কোচ আপাতত এক জায়গায় মিলেছেন, যা কিছু হবে ফুটবলের স্বার্থেই। মধ্য আগস্টে জেমি ঢাকায় এসে অস্কার ব্রুজনের সঙ্গে বসবেন। ৮ অক্টোবর এবং ১৩ অক্টোবরের বাংলাদেশের ম্যাচ দুটি নিয়েই যত দুশ্চিন্তা জেমির। না চাইলেও দুর্ভাবনা করতে হচ্ছে অস্কারের। ২৩ অক্টোবর থেকে ৪ নভেম্বর মালদ্বীপে বসুন্ধরার ৫ ম্যাচ শেষ হবে। আর জাতীয় দলের বাংলাদেশে, ১২ ও ১৭ নভেম্বর।