ঝুঁকি এড়াতে সতর্ক বাংলাদেশ

আপডেট : ২৮ জুলাই ২০২০, ২০:৫২

বিশ্বকাপ সুপার লিগ

স্পোর্টস রিপোর্টার

আগামীকাল শুরু হতে চলা ইংল্যান্ড-আয়ারল্যান্ড ওয়ানডে সিরিজ দিয়েই মাঠে গড়াচ্ছে বিশ্বকাপ সুপার লিগ। ১৩ দলের অংশগ্রহণে এই সুপার লিগের ফলাফলের ওপর নির্ভর করবে কারা কারা খেলবে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে। সুপার লিগ থেকে বিশ্বকাপে সরাসরি সুযোগ পাবে সাতটি দল, স্বাগতিক ভারত সরাসরি খেলবে বিশ্বকাপে। ১২টি টেস্ট খেলুড়ে দেশের সঙ্গে নেদারল্যান্ডস রয়েছে এই প্রতিযোগিতায়। সুপার লিগের অধীনে প্রতিটি দল আটটি সিরিজ খেলবে (চারটি হোম, চারটি অ্যাওয়ে সিরিজ)।

ভারতের মাটিতে অনুষ্ঠেয় ১০ দলের বিশ্বকাপে অংশগ্রহণ নিশ্চিত করতে হলে বাংলাদেশকে সুপার লিগের চ্যালেঞ্জ পাড়ি দিতে হবে। ক্রিকেটে ওয়ানডেতেই বাংলাদেশ সবচেয়ে সফল ও ধারাবাহিক। তার পরও প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু বলেছেন, কোনোভাবেই অপেক্ষাকৃত দুর্বল দলের বিপক্ষে পা হড়কানো যাবে না। ছোট দলের বিরুদ্ধে খারাপ করলেই ঝুঁকিতে পড়ে যাবে বিশ্বকাপে খেলা। তাই ছোট দলগুলোর সিরিজে পূর্ণ পয়েন্ট নিশ্চিত করতে হবে। সঙ্গে কয়েকটি বড় দলের বিরুদ্ধে ভালো করতে হবে টাইগারদের।

সুপার লিগ নিয়ে নান্নু গতকাল বলেছেন, ‘এটা খুব নতুন কিছু না। কারণ গত বিশ্বকাপেও ওয়েস্ট ইন্ডিজ, আফগানিস্তান বিশ্বকাপে এসেছিল বাছাইপর্ব থেকে। সামনের ওয়ানডে সিরিজগুলোতে আসা সব সুযোগ আমাদেরকে কাজে লাগাতে হবে। যদি আমরা ব্যর্থ হই তাহলে আমরা সমস্যায় পড়ে যাব।’

র্যাংকিং ভাবনা এখন কার্যত বাদই দিতে হচ্ছে দলগুলোকে। র্যাংকিংয়ের অবস্থান বিশ্বকাপের টিকিট এনে দেবে না। প্রধান নির্বাচক বলেন, ‘র্যাংকিংয়ে দেখবেন, আমরা ওয়ানডেতে সেরা আটে আছি। কিন্তু এটা আমাদের জায়গা নিশ্চিত করে দেবে না। তাই সামনের দিনে প্রতিটি ম্যাচই আমাদের জন্য গুরুত্বপূর্ণ।’

করোনার কারণে বন্ধ বাংলাদেশের ক্রিকেট। আগস্টের মাঝামাঝি শুরু হতে পারে ক্রিকেটীয় কার্যক্রম। ক্যাম্প শুরু হলে ক্রিকেটারদের ফিটনেসের দিকে বেশি গুরুত্ব দিতে বলছেন প্রধান নির্বাচক। যাতে সবাই ছন্দে ফিরে আসে।

নান্নু বলছেন, ছোট দলের বিরুদ্ধে শতভাগ জয় নিশ্চিত করতে হবে। সঙ্গে বড় দলগুলোর সঙ্গেও পয়েন্ট পেতে হবে। প্রতিটি সিরিজে তিনটি ওয়ানডে খেলবে দলগুলো। প্রধান নির্বাচক বলেন, ‘এখানে আমরা শুধু র্যাংকিংয়ের  টপ দলের সঙ্গে খেলবো না। নিচের দলগুলোর সঙ্গেও খেলবো। আমাদেরকে নিশ্চিত করতে হবে নিচের সারির দলগুলোর বিরুদ্ধে যেন কোনো পয়েন্ট না হারাই। তাহলে এটা আমাদের জন্য বিপদের কারণ হবে। এবং বড় দলগুলোর সঙ্গে পয়েন্ট পাওয়ার চেষ্টা করতে হবে।’ ছোট দলগুলোর বিপক্ষে জয়ের একটা চাপ থাকে বাংলাদেশের ওপর। নান্নু বলছেন, এই চাপকে জয় করতে হবে এবং বিশ্বকাপে খেলা নির্বিঘ্ন করতে এদের বিপক্ষে শতভাগ সাফল্য ধরে রাখতে হবে।