এক রাজার রাজ্যে দেখা গেল সব মানুষেরই উন্নতি হইয়াছে, কিন্তু একজন মানুষ গরিব থাকিয়া গিয়াছে। উজির-নাজির ডাকিয়া রাজা বলিলেন, সকলেরই ভাগ্যের পরিবর্তন হইয়াছে, কেবল সে কেন গরিব থাকিবে? উজির বলিলেন, তাহার কপালে নাই। রাজা বলিলেন, তাহা কেন হইবে? তোমরা এক কাজ করো, তাহার রাজপ্রাসাদে আসিবার পথে কিছু হীরা-জহরত রাখিয়া দাও। সে উহা কুড়াইয়া লইয়া আমার সম্মুখে আসিবে। তখন আর এই রাজ্যে কোনো দরিদ্র লোক থাকিবে না। যথারীতি তাহাই করা হইল। দরিদ্র লোকটিকে রাজপ্রাসাদে ডাকা হইল। হাঁটিতে হাঁটিতে পথের মধ্যে যেইখানে হীরা-জহরত রাখা হইয়াছে তাহার কাছাকাছি আসিয়া দরিদ্র ভাবিল, রাজার সম্মুখে অন্ধ হইয়া উপস্থিত হইলে কেমন হয়, তাহা হইলে রাজা আমার প্রতি সহানুভূতিশীল হইতে পারেন। দেখি তো একটু প্র্যাকটিস করিয়া! এই প্র্যাকটিস করিতে গিয়া দরিদ্র ব্যক্তি হীরা-জহরত পার হইয়া গেল।
তৃতীয় বিশ্বের দরিদ্র দেশগুলির অবস্থাও এই দরিদ্র মানুষটির মতো। ইহাদের সম্পদ আছে। কোনো কোনো দেশের তেল-গ্যাসের খনি, কাহারো কয়লা বা অন্য প্রাকৃতিক সম্পদ রহিয়াছে। কিন্তু উহারা যেন দেখিতে পায় না। ইহারা নিজেদের দিকে না তাকাইয়া ধনী দেশগুলির সঙ্গে বাণিজ্য করিতে যায়। আর ঐ ধনী দেশগুলি কী করে? এই সকল দেশের কাঁচামাল লইয়া তাহারা উত্পাদন করিয়া আবার এই দেশগুলিকেই বাজারে পরিণত করিতেছে। এমনকি এই সকল দেশের শ্রমও অতি স্বল্পমূল্যে কিনিয়া লইতেছে। আর দরিদ্র দেশগুলি চোখ বুজিয়া ভরসা রাখিতেছে ঐ সকল ধনী দেশগুলির প্রতি। ইহারা রিভার প্রটেকশনের অভিজ্ঞতা লইতে যায় উত্তর আমেরিকায় অথবা বেলজিয়াম সুইজারল্যান্ডে। অথচ এই উন্নয়নশীল দেশগুলির প্রয়োজন ছিল নিজেদের মধ্যে একটি ইন্টার ডেভেলপিং কান্ট্রি ট্রেড ইউনিট তৈরি করা এবং তাহাকে শক্ত করিয়া তুলিতে চেষ্টা করা। পদক্ষেপ যে নেওয়া হয় নাই তাহা নহে, কিন্তু কোনো দৃশ্যমান সুফলতা আসে নাই। সেইখানেও ঐ দরিদ্রের মতো অবস্থা হইয়াছে। এই দেশগুলির উল্লেখযোগ্য বড় দুর্বলতা হইল, দেশগুলি ঘনবসতিপূর্ণ। সেই তুলনায় কর্মসংস্থান সীমিত। এই সকল দেশে সরকারই হইল বড় চাকরিদাতা। ফলে সকলে নির্ভর করিয়া থাকে সরকারের উপর। অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা ভালো হইলে বিনিয়োগের সম্ভাবনা বাড়ে। কিন্তু এই দেশগুলি বুঝিতে পারে না যে আইনশৃঙ্খলা ভালো হওয়ার সুফল কত সুদূরপ্রসারী। এই দেশগুলি আইনশৃঙ্খলার সেই অংশটুকুই কেবল নজর রাখে, যতটুকু ক্ষমতায় টিকিয়া থাকিতে প্রয়োজন হয়।
অতএব, এই দেশগুলিকে চোখ খুলিয়া চলিতে হইবে। ইসলামের পবিত্র গ্রন্থ কোরআনের সুরা রাদ এর ১১ নম্বর আয়াতে সুস্পষ্টভাবে বর্ণিত আছে, আল্লাহ কোনো জাতির অবস্থা পরিবর্তন করেন না, যতক্ষণ না তাহারা নিজ অবস্থা নিজেরা পরিবর্তন না করে। ইহার ব্যক্তিবিশেষের জন্য যেমন প্রযোজ্য তেমনি রাষ্ট্রের ক্ষেত্রেও প্রযোজ্য।
