টানা বর্ষায় বগুড়ার আদমদীঘি এলাকার খাল-বিল পানিতে ভরপুর। নিম্নাঞ্চলগুলো পানিতে থৈথৈ। নতুন পানিতে মাছ রেণু ছাড়ায় মত্স্যশিকারির জাল খৈলশানীতে ব্যাপক হারে ধরা পড়ছে দেশি বিলুপ্ত প্রজাতির মাছের পোনা। এ কারণে মাছ শিকারের জন্য খৈলশানীর চাহিদা রেড়েছে। হাটবাজারে মাছধরা খৈলশানী কেনাবেচায় হিড়িক পড়েছে। এসব দিয়ে জেলে ও স্থানীয় লোকজন খাল-বিলে অবাধে মাছ ও সঙ্গে মাছের পোনা অবাধে ধরছেন। এছাড়া রক্তদহ বিল, ইরাবতি, টিউরপাড়া, ইন্দইল খালসহ সবকয়টি খালের একাধিক স্থানে কারেন্ট জাল, খরা জাল দিয়ে পোনা মাছ শিকার করা হচ্ছে। এতে মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে মাছের প্রজনন। বর্ষায় দেশি মাছের প্রজননের মৌসুম চলে। প্রতিবছর এ সময় অবাধে মাছ শিকারের ফলে এলাকা থেকে দেশি কিছু প্রজাতির মাছ বিলুপ্ত হয়ে গেছে। এখুনি দেশি মাছ ধরা বন্ধ করা না হলে এসব জায়গায় পরবর্তীকালে মাছের সংকট দেখা দেবে। এ ব্যাপারে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আর্কষণ করছি।
সাকলাইন লেনিন, আদমদীঘি, বগুড়া
